যুব জমিয়তের সভাপতি ইসহাক, সাধারণ সম্পাদক নাসির

প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ণ
যুব জমিয়তের সভাপতি ইসহাক, সাধারণ সম্পাদক নাসির

বিশেষ প্রতিবেদক: যুব জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি হিসেবে মাওলানা ইসহাক কামাল এবং সাধারণ সম্পাদক হিসেবে মাওলানা চৌধুরী নাসির আহমদ নির্বাচিত হয়েছেন। এছাড়া সিনিয়র সহ-সভাপতি পদে মাওলানা সোলাইমান মাদানী ও সাংগঠনিক সম্পাদক পদে মাওলানা আতাউর রহমান দায়িত্ব পেয়েছেন। তাঁদের নেতৃত্বাধীন ৬১ সদস্যের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত যুব জমিয়তের কেন্দ্রীয় সম্মেলন ও কাউন্সিলে এ কমিটি ঘোষণা করা হয়। জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা তাফাজ্জুল হক আজিজ আনুষ্ঠানিকভাবে নতুন কমিটির নাম পাঠ করেন।

যুব জমিয়তের বিদায়ী সভাপতি মাওলানা তাফহীমুল হকের সভাপতিত্বে এবং মাওলানা সুলাইমান মাদানী ও মাওলানা চৌধুরী নাসির আহমদের যৌথ সঞ্চালনায় সম্মেলনটি অনুষ্ঠিত হয়।

সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক বলেন, "রাজনীতির জন্য দ্বীনের হালাল-হারাম বিসর্জন দেওয়া যাবে না এবং বাতিলের সঙ্গে কোনো আপস করা হবে না। ওলামায়ে কেরামের পাশাপাশি তরুণ, ব্যবসায়ী ও সাধারণ দ্বীনদার মানুষকে সংগঠিত করে ইউনিট পর্যায়ে যুব জমিয়তকে আরও শক্তিশালী করতে হবে।"

প্রধান বক্তা হিসেবে জমিয়তে উলামায়ে ইসলামের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী ১৯৭১ ও ২০২৪ সালের শহীদদের আত্মত্যাগ স্মরণের আহ্বান জানান। তিনি দেশের সার, বিদ্যুৎ ও গ্যাস সংকট দ্রুত সমাধানের তাগিদ দিয়ে বৈষম্য ও শোষণমুক্ত বাংলাদেশ গঠনের প্রত্যয় ব্যক্ত করেন।

সম্মেলনে আরও বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবীব, মাওলানা নাজমুল হাসান কাসেমী, যুগ্ম মহাসচিব মাওলানা মতিউর রহমান গাজীপুরী, প্রচার সম্পাদক মুফতি ইমরানুল বারী সিরাজী এবং ছাত্র জমিয়ত বাংলাদেশের সভাপতি রিদওয়ান মাযহারীসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

এআইএল/সকালবেলা


মন্তব্য করুন