মহানবী সা.-কে কটূক্তির অভিযোগে বাকৃবিতে বিক্ষোভ
বিশেষ প্রতিবেদক: মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে অবমাননাকর মন্তব্যের অভিযোগে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন শিক্ষার্থীরা। অভিযুক্ত শিক্ষার্থীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিভিন্ন হল ও অনুষদের শিক্ষার্থীরা এতে অংশ নেন।
অভিযুক্ত শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি বিভাগের ৬৩ ব্যাচের ছাত্র এবং হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলের আবাসিক বাসিন্দা।
সোমবার (৩১ আগস্ট) বিকেলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে মিছিলটি প্রক্টর কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
সমাবেশে শিক্ষার্থীরা ঘটনাটির সুষ্ঠু তদন্তের মাধ্যমে অভিযুক্তের ছাত্রত্ব বাতিলসহ সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান। সেই সঙ্গে ভবিষ্যতে ক্যাম্পাসে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার মতো যেকোনো ঘটনা প্রতিরোধে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
কৃষি অনুষদের শিক্ষার্থী মুহাম্মদ মাহাদী বলেন, "এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়; এর পেছনে চক্রান্তকারী চক্র জড়িত। এ বিষয়ে ছাড় দেওয়া হলে এমন ঘটনা বাড়তেই থাকবে।" অপর শিক্ষার্থী নাহিদুল ইসলাম প্রক্টরের কাছে অভিযুক্তের সর্বোচ্চ শাস্তির জোরালো দাবি জানান।
এ বিষয়ে হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলের প্রভোস্ট অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসাইন জানান, বিষয়টি জানতে পেরে হাউস টিউটরদের উপস্থিতিতে ওই শিক্ষার্থীকে ডাকা হলে সে ভুল স্বীকার করে মুচলেকা দিয়ে হল ত্যাগ করেছে।
বাকৃবির প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল আলীম জানান, ধর্মীয় অবমাননার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের নির্দিষ্ট আইন রয়েছে। অভিযোগ তদন্তে প্রমাণিত হলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
এআইএল/সকালবেলা