বগুড়ায় যুবকের পায়ের রগ কেটে হত্যার অভিযোগ
ওয়াফিক শিপলু, বগুড়া: বগুড়ায় চোর সন্দেহে শামীম হোসেন (৩৫) নামে এক যুবককে রাতভর মারধর ও নির্যাতনের পর পায়ের রগ কেটে হত্যার অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
নিহত শামীম হোসেন বগুড়া সদর উপজেলার নামুজা ইউনিয়নের চৌমহনী এলাকার আব্দুল কুদ্দুসের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে সদর উপজেলার নিশিন্দারা ইউনিয়নের বারপুর এলাকায় শামীমকে চোর সন্দেহে কয়েকজন ব্যক্তি আটক করেন। স্বজনদের অভিযোগ, আটক করে তাকে রাতভর মারধর ও নির্যাতন করা হয় এবং একপর্যায়ে পায়ের রগ কেটে ইউপি ভবনের সামনে ফেলে রেখে যায় নির্যাতনকারীরা। পরে গ্রাম পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করায়।
নিহতের শাশুড়ি ছোবেদা বেগমের দাবি, এক নিকটাত্মীয়ের দাফনে অংশ নিতে শামীম বারপুর এলাকায় গিয়েছিলেন। রাতে হাঁটাহাঁটির সময় নিশিন্দারা ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য এ বি এম শাফি ও তাঁর ছেলে নাজমুল হোসেন কাইয়ুমসহ কয়েকজন তাকে আটক করে এই বর্বর নির্যাতন চালান।
ঘটনার খবর পেয়ে বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম আলী ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। চোর সন্দেহে আইন নিজের হাতে তুলে নিয়ে এভাবে নির্যাতনের ঘটনায় স্থানীয়দের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
এআইএল/সকালবেলা