হাফেজদের হাতে সমকামী লেখকের বই: তদন্তের দাবি ওলামা অ্যালায়েন্সের

প্রকাশ: শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৯ অপরাহ্ণ
হাফেজদের হাতে সমকামী লেখকের বই: তদন্তের দাবি ওলামা অ্যালায়েন্সের

স্টাফ রিপোর্টার: কোরআনের হাফেজ শিক্ষার্থীদের সম্মাননা অনুষ্ঠানে সমকামী লেখক ইউভাল নোয়াহ হারারির 'Nexus' বই তুলে দেওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্স। এ ঘটনার পেছনে কোনো উদ্দেশ্য বা পরিকল্পনা ছিল কি না, তা তদন্তের মাধ্যমে স্পষ্ট করার আহ্বান জানিয়েছে সংগঠনটি।

শনিবার (১৯ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনের আহ্বায়ক মাওলানা আশরাফ উদ্দিন মাহদি আযহারী বলেন, হাফেজদের সম্মাননার উদ্যোগের জন্য প্রধানমন্ত্রী সাধুবাদ পাওয়ার যোগ্য। তবে এ ধরনের অনুষ্ঠানে সমকামিতা বিষয়ক লেখক ইউভাল নোয়াহ হারারির বই তুলে দেওয়াকে নিছক বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখার সুযোগ নেই। একজন প্রকাশ্য সমকামী লেখকের বই কীভাবে এবং কার মাধ্যমে হাফেজদের হাতে পৌঁছাল, তা খতিয়ে দেখা প্রয়োজন।

সংগঠনের সদস্য সচিব মাওলানা সানাউল্লাহ খান বলেন, বাংলাদেশে দীর্ঘদিন ধরে বিভিন্ন পরিসরে এলজিবিটি ও সমকামিতাকে কেন্দ্র করে নানা প্রচার ও সাংস্কৃতিক তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। মাদরাসা ও স্কুলের শিশু-কিশোরদের হাতে কী ধরনের বই তুলে দেওয়া হচ্ছে, সে বিষয়ে কর্তৃপক্ষের সতর্ক হওয়া উচিত।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর মতো রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের অনুষ্ঠানে এমন ঘটনা প্রধানমন্ত্রীকে বিতর্কিত করার কোনো অপচেষ্টা কি না অথবা কার গাফিলতিতে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, তা তদন্ত করে জাতির সামনে পরিষ্কার করা প্রয়োজন।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, কোরআন মাজিদে হজরত লূত (আ.)-এর কওমের ঘটনার মাধ্যমে সীমালঙ্ঘনমূলক কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানানো হয়েছে। ফলে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে কোমলমতিদের হাতে সমকামিতাকে স্বাভাবিক হিসেবে উপস্থাপনকারী কোনো বই তুলে দেওয়া অত্যন্ত উদ্বেগজনক।

ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের নেতৃবৃন্দ অবিলম্বে বিষয়টি নিরপেক্ষ তদন্তের মাধ্যমে বইটি কারা নির্বাচন ও বিতরণ করেছে এবং কোন প্রক্রিয়ায় তা শিক্ষার্থীদের হাতে পৌঁছেছে, তা প্রকাশের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।

এআইএল/সকালবেলা


মন্তব্য করুন