বইমেলায় প্রকাশিত হয়েছে মাওলানা আব্দুল মজিদের ‘উম্মতের প্রতি উলামায়ে কেরামের দায় ও দায়িত্ব’
আমিরুল ইসলাম লুকমান, সকালবেলা অনলাইন: নবুওয়তের সিলসিলা সমাপ্ত হওয়ার পর দ্বীনের সংরক্ষণ ও প্রচারের মহান দায়িত্ব উলামায়ে কেরামের ওপর অর্পিত হয়েছে। উম্মতের এই অতন্দ্র প্রহরীদের দায়িত্ব, কর্তব্য এবং বর্তমান সময়ের বিভিন্ন ফিতনা মোকাবিলার দিকনির্দেশনা নিয়ে প্রকাশিত হয়েছে প্রখ্যাত আলেম মাওলানা মুহাম্মাদ আব্দুল মজিদের নতুন গ্রন্থ ‘উম্মতের প্রতি উলামায়ে কেরামের দায় ও দায়িত্ব’।
বইটিতে উলামায়ে কেরাম ও সাধারণ মুসলমানদের মধ্যকার সম্পর্ককে অত্যন্ত সুন্দর ও হৃদয়গ্রাহী উপমায় ফুটিয়ে তোলা হয়েছে। লেখক দেখিয়েছেন যে, উলামা ও উম্মতের বন্ধন নিছক প্রাতিষ্ঠানিক নয়; বরং এটি মায়ের সঙ্গে সন্তানের মতো এক অবিচ্ছেদ্য, নিঃস্বার্থ ও ত্যাগের সম্পর্ক। একজন মা যেমন কোনো প্রতিদানের আশা ছাড়াই চরম ত্যাগের মাধ্যমে সন্তানকে আগলে রাখেন, উলামায়ে কেরামকেও তেমনি উম্মতের ঈমান ও আমল রক্ষায় ময়দানে সচেষ্ট থাকতে হবে।
বর্তমান সমাজে দ্বীনি দায়িত্ব পালনে অনীহা এবং এর ফলে সাধারণ মানুষের খ্রিষ্টান মিশনারি কিংবা কাদিয়ানীদের মতো বিভ্রান্ত দলগুলোর ফাঁদে পড়ার নানা বাস্তব অভিজ্ঞতা বইটিতে তুলে ধরা হয়েছে। লেখক জোর দিয়ে বলেছেন যে, শুধু সমালোচনা না করে মানুষের সুখে-দুঃখে পাশে দাঁড়ানো এবং তাদের অন্তরে ইসলামের সুমহান আদর্শ পৌঁছে দেওয়া সময়ের সবচেয়ে বড় দাবি। এছাড়া হজরত ইউসুফ (আ.)-এর জীবনের বর্ণনার মাধ্যমে সততা, তাকওয়া এবং মানুষের অন্তরে আস্থার গুরুত্ব অত্যন্ত মুন্সিয়ানার সাথে আলোচনা করা হয়েছে।
গ্রন্থটির শেষাংশে ইসলামের মৌলিক ও সংবেদনশীল আকীদা ‘খতমে নবুওয়ত’-এর গুরুত্ব এবং এর সংরক্ষণে সাহাবায়ে কেরামের আপসহীন ঐতিহাসিক ভূমিকা অত্যন্ত জোরালো ভাষায় স্থান পেয়েছে। বর্তমান ডিজিটাল যুগে যুবসমাজকে বিভ্রান্তি থেকে রক্ষা করতে এবং সঠিক পন্থায় দাওয়াতের কাজ পরিচালনা করতে বইটি পথপ্রদর্শকের ভূমিকা পালন করবে। দ্বীন ও মিল্লাতের সঠিক পথ চেনার জন্য এবং ঈমান-আকিদা সুরক্ষায় বইটি অত্যন্ত উপকারী হবে ইনশাআল্লাহ।
বইটি প্রকাশ করেছে বাংলাবাজারের স্বনামধন্য প্রকাশনা প্রতিষ্ঠান ‘উমেদ প্রকাশ’। ৯০ টাকা মুদ্রিত মূল্যের এই বইটি চলমান ইসলামি বইমেলা থেকে এবং মেলা পরবর্তী সময়ে বাংলাবাজারের ইসলামি টাওয়ারে অবস্থিত উমেদ প্রকাশের আউটলেট থেকে সংগ্রহ করা যাবে।
এআইএল/সকালবেলা