গাজীপুরে গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

প্রকাশ: শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৪ অপরাহ্ণ
গাজীপুরে গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

মহিউদ্দিন আহমেদ, গাজীপুর বিশেষ প্রতিবেদক: গাজীপুরের শ্রীপুরে পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে ৮৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তাহমিনা (৩৫) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে তাঁর স্বামী মো. কবির হোসেন (৪৫) পালিয়ে গেছেন।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার বরমী মধ্যপাড়া এলাকায় শ্রীপুর থানা-পুলিশ এ অভিযান পরিচালনা করে। শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিনূর আলম।

পুলিশ জানায়, ওসির নেতৃত্বে বরমী মধ্যপাড়া এলাকার একটি বসতঘরে তল্লাশি চালিয়ে ৩৯টি প্যাকেটে রাখা ৮৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। জব্দকৃত এ গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৫ লাখ ৪০ হাজার টাকা।

পুলিশের দাবি, গ্রেপ্তার তাহমিনা আন্তঃজেলা মাদক কারবারি মো. কবির হোসেনের স্ত্রী। অভিযানকালে কবির হোসেন কৌশলে পালিয়ে যান। তাঁর বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিনূর আলম জানান, মাদকের বিরুদ্ধে চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। গ্রেপ্তার তাহমিনার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন। পলাতক কবির হোসেনসহ এর সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

এআইএল/সকালবেলা


মন্তব্য করুন