বরিশালে বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে নার্সিং শিক্ষার্থীদের বিক্ষোভ
সাঈদ পান্থ (বরিশাল): বরিশালের ডিডব্লিউএফ নার্সিং কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থী অন্তু বিশ্বাসের বহিষ্কারাদেশ প্রত্যাহার এবং ছাত্রত্ব পুনর্বহালের দাবিতে আন্দোলনে নেমেছেন সহপাঠীরা।
সোমবার (৯ নভেম্বর) সকালে কলেজের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করেন ডিডব্লিউএফ নার্সিং কলেজ ও আইএসিআইবি নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।
বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীরা ঘোষণা দেন, বহিষ্কারাদেশ প্রত্যাহার না করা পর্যন্ত ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারির তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা কোনো ক্লাসে অংশ নেবেন না। একই সঙ্গে বাংলাদেশ নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কাউন্সিলের (বিএনএমসি) ২০২৬ সালের ডিসেম্বরের পরীক্ষাও তাঁরা বর্জন করবেন।
শিক্ষার্থীদের অভিযোগ, ক্লিনিক্যাল প্র্যাকটিসের নামে প্রায় ২০০ শিক্ষার্থীর কাছ থেকে জনপ্রতি ১২ হাজার টাকা করে মোট প্রায় ২৭ লাখ টাকা অতিরিক্ত অর্থ আদায় ও আত্মসাৎ করেছেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান মো. জহিরুল ইসলাম। এর প্রতিবাদে গত এপ্রিলে শিক্ষার্থীরা আন্দোলন করলে অন্তু বিশ্বাস তাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। আন্দোলনের মুখে কলেজ প্রশাসন নোটিশ দিয়ে টাকা ফেরত দেয় এবং শিক্ষার্থীদের হয়রানি না করার আশ্বাস দেয়। পরবর্তীতে অর্থ আত্মসাতের অভিযোগ আমলে নিয়ে আদালত স্বপ্রণোদিত হয়ে চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা করেন, যা বিভিন্ন গণমাধ্যমেও প্রচারিত হয়।
তবে আইএসিআইবি নার্সিং ইনস্টিটিউটের অধ্যক্ষ রওশন জাহানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে গত ২ নভেম্বর অন্তু বিশ্বাসকে বহিষ্কার করা হয়। বিজ্ঞপ্তিতে তাঁর বিরুদ্ধে প্রতিষ্ঠানে বিশৃঙ্খলা সৃষ্টি, শিক্ষকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ ও কক্ষে তালাবদ্ধ করে রাখা, হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে অসদাচরণ এবং মুঠোফোন ও ফেসবুকে শিক্ষকদের হুমকি দেওয়ার অভিযোগ আনা হয়েছে। এতে শিক্ষার্থীদের ক্লিনিক্যাল প্র্যাকটিস বাধাগ্রস্ত হয়েছে বলেও উল্লেখ করা হয়।
শিক্ষার্থীরা জানান, গত ৮ নভেম্বর তৃতীয় বর্ষের ফরম পূরণ করতে গেলে অন্তুকে বাধা দেওয়া হয় এবং ওই দিনই তাঁর হাতে ২ নভেম্বর ইস্যু করা বহিষ্কারের নোটিশ তুলে দেওয়া হয়।
আন্দোলনকারী শিক্ষার্থী তন্দ্রা শিকদার বলেন, কলেজ প্রশাসনের নানা অনিয়মের বিরুদ্ধে এবং ক্লিনিক্যাল প্র্যাকটিসের নামে টাকা আদায় বাতিলের দাবিতে আন্দোলন করায় অন্তুকে বহিষ্কার করা হয়েছে। অন্যদিকে, অন্তু বিশ্বাস শিক্ষকদের হুমকি দেওয়ার অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা দাবি করে বলেন, এপ্রিলের আন্দোলনের সময় প্রশাসন হয়রানি না করার আশ্বাস দিলেও সাত মাস পর হঠাৎ তাঁকে বহিষ্কার করা হয়েছে।
এ বিষয়ে বক্তব্য জানতে কলেজের অধ্যক্ষ রওশন জাহান ও চেয়ারম্যান মো. জহিরুল ইসলামের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের সাড়া পাওয়া যায়নি।
এআইএল/সকালবেলা