ঢাবির ব্যবসা অনুষদে ককটেল বিস্ফোরণ, গুরুতর আহত ২

প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০২:৫৫ অপরাহ্ণ
ঢাবির ব্যবসা অনুষদে ককটেল বিস্ফোরণ, গুরুতর আহত ২

বিশেষ প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ব্যবসায় শিক্ষা অনুষদের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে দুজন গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে। 

মঙ্গলবার (১০ নভেম্বর) বেলা ২টার দিকে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণস্থলের পাশেই একটি গাড়ি অবস্থান করছিল। বেলা ১টা থেকে ২টার মধ্যে ওই গাড়ির চালক দুপুরের খাবার শেষে গাড়ির দরজা খুলতে গেলে হঠাৎ সেখানে ককটেল বিস্ফোরিত হয়। এতে চালক মারাত্মক আহত হন। পরে তাঁকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

অন্য একটি সূত্রে জানা গেছে, এই ঘটনায় মোট দুজন আহত হয়েছেন এবং বিস্ফোরণে একটি গাড়ির কাচ ভেঙে গেছে। ভবনের ওপরের দিক থেকে ককটেলটি ছোড়া হয়েছে বলে অনেকে দাবি করেছেন। তবে তাৎক্ষণিকভাবে ঘটনায় জড়িত কাউকে শনাক্ত করা যায়নি।

একজন প্রত্যক্ষদর্শী বলেন, ককটেলটি ঠিক কোন দিক থেকে ছোড়া হয়েছে তা দেখা যায়নি। তবে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে হামলায় জড়িতদের দ্রুত শনাক্ত ও আইনের আওতায় আনা জরুরি, নতুবা ভবিষ্যতে আরও অনেকে এ ধরনের হামলার শিকার হতে পারেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. ইসরাফিল প্রাং রতন জানান, ঘটনায় আহত একজনকে হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি বর্তমানে ব্যবসায় শিক্ষা অনুষদে অবস্থান করছেন এবং সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে শিগগিরই জড়িত ব্যক্তিদের শনাক্ত করা হবে।

এআইএল/সকালবেলা