ইরানের বিরুদ্ধে যুদ্ধ চালানোর ম্যান্ডেট নেই: নেতানিয়াহুকে সতর্কবার্তা

প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ণ
ইরানের বিরুদ্ধে যুদ্ধ চালানোর ম্যান্ডেট নেই: নেতানিয়াহুকে সতর্কবার্তা

অনলাইন ডেস্ক:  ইসরায়েলে এখনো আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রীর পদে বহাল আছেন বেনিয়ামিন নেতানিয়াহু। তবে এর মধ্যেই শপথ নিয়েছেন দেশটির নতুন পার্লামেন্টের (নেসেট) সদস্যরা। নতুন এই আইনপ্রণেতারা দায়িত্ব নেওয়ার পর অনেক রাজনৈতিক সমীকরণই আর নেতানিয়াহুর পক্ষে থাকছে না, যা তাঁর রাজনৈতিক জীবনকে আরও বেশি কঠিন ও অনিশ্চিত করে তুলতে পারে।

বর্তমানে গাদি আইজেনকোট সরকার গঠন না করা পর্যন্ত নেতানিয়াহু তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। তবে তাঁর ক্ষমতা প্রয়োগের পরিধি ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা নিয়ে এরই মধ্যে দেশের রাজনৈতিক ও সামরিক মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে। সম্প্রতি আইজেনকোট স্পষ্ট করে জানিয়েছেন যে, ইরানের বিরুদ্ধে নতুন করে যুদ্ধ শুরু করার কোনো সাংবিধানিক বা রাজনৈতিক ম্যান্ডেট এই মুহূর্তে তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী নেতানিয়াহুর নেই।

বিরোধী জোট ‘চেঞ্জ ব্লক’ তাদের প্রধান নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার ঘটনা স্বাধীনভাবে তদন্ত করতে চায়। এই কমিশন ওই হামলার পেছনে নেতানিয়াহু প্রশাসনের প্রশাসনিক ও গোয়েন্দা ব্যর্থতাগুলো পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখবে। যদিও নেতানিয়াহু নিজের কোনো দায় থাকার কথা বরাবরই অস্বীকার করে আসছেন এবং স্বাধীন জাতীয় তদন্ত কমিশনের পরিবর্তে রাজনৈতিকভাবে অনুগত ব্যক্তিদের মাধ্যমে পর্যালোচনার পক্ষে জোর দিয়েছিলেন, তবুও নতুন পার্লামেন্টের মাধ্যমে এই তদন্ত আটকে রাখা তাঁর পক্ষে কঠিন হবে। ইসরায়েল ডেমোক্রেসি ইনস্টিটিউটের রাজনৈতিক বিশেষজ্ঞ আসাফ শাপিরা জানিয়েছেন, নতুন সরকার আনুষ্ঠানিকভাবে গঠনের আগেই নবনির্বাচিত পার্লামেন্ট একটি বিশেষ কমিটি গঠন করে অনুসন্ধানের কাজ এগিয়ে নিতে পারে।

নতুন পার্লামেন্ট নেতানিয়াহু সরকারের আমলে পাস হওয়া বেশ কিছু বিতর্কিত আইন বাতিলের উদ্যোগ নিতে পারে। এর মধ্যে প্রধান লক্ষ্য হলো বিচারব্যবস্থাকে ঢেলে সাজানোর সেই পুরোনো প্রচেষ্টা, যেখানে দুর্নীতির দায়ে অভিযুক্ত হওয়ার পর নেতানিয়াহু বিচারব্যবস্থাকে নিজের ‘শত্রু’ হিসেবে উপস্থাপন করেছিলেন। বিচারব্যবস্থা সংস্কারের ওই উদ্যোগ দেশটিতে নজিরবিহীন গণবিক্ষোভের জন্ম দিয়েছিল। নতুন পার্লামেন্ট সুপ্রিম কোর্টের ক্ষমতা সীমিতকারী আইনগুলো এবং অ্যাটর্নি জেনারেলকে সহজে অপসারণের বিধানগুলো বাতিলের লক্ষ্য নির্ধারণ করতে পারে। বিশ্লেষকদের মতে, ভোটাভুটির মাধ্যমে এই আইনগুলো বাতিল করা তুলনামূলক সহজ হলেও বিরোধী জোটকে তাদের অগ্রাধিকার ঠিক করতে কয়েক সপ্তাহ সময় লাগতে পারে।

নতুন পার্লামেন্টের সূচনাতেই প্রথম বড় রাজনৈতিক সংঘাতটি হতে পারে স্পিকার নির্বাচনকে কেন্দ্র করে। বর্তমানে এই দায়িত্বে লিকুদ পার্টির সদস্য এবং নেতানিয়াহুর অনুগত হিসেবে পরিচিত আমির ওহানা বহাল আছেন। প্রথা অনুযায়ী নতুন সরকারের শপথ গ্রহণের দিন স্পিকার নির্বাচন হওয়ার কথা থাকলেও, বিরোধীরা উদ্বোধনী অধিবেশনেই এর ফয়সালা চায়। আইজেনকোট শিবিরের দলগুলো ইতোমধ্যে চিঠি পাঠিয়ে দ্রুত স্পিকার নির্বাচনের দাবি জানিয়েছে। চেঞ্জ ব্লকের অন্যতম শীর্ষ নেতা নাফতালি বেনেট স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, তাঁরা যত দ্রুত সম্ভব নেসেটের পূর্ণ নিয়ন্ত্রণ নিজেদের হাতে তুলে নিতে চান।

সকালবেলা/ নুসরাত