আর্থিক সংকটে দেউলিয়ার পথে অনন্ত জলিল

প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ণ
আর্থিক সংকটে দেউলিয়ার পথে অনন্ত জলিল

বিশেষ প্রতিনিধি: বিপুল পরিমাণ ব্যাংক ঋণের চাপে বড় ধরনের আর্থিক সংকটের মুখে পড়েছে চিত্রনায়ক ও শিল্পপতি এম এ জলিল অনন্তের মালিকানাধীন এজেআই গ্রুপ এবং এর সহযোগী প্রতিষ্ঠানগুলো। পাওনা অর্থ পরিশোধে ব্যর্থ হওয়া এবং চেক প্রত্যাখ্যাত (ডিজঅনার) হওয়ার ঘটনায় এবি অ্যাপারেলস লিমিটেডের কাছ থেকে ২২৬ কোটি ৭৫ লাখ ১০ হাজার টাকা আদায়ে অনন্ত জলিল ও তাঁর স্ত্রীকে আইনি নোটিশ পাঠিয়েছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি)।

ব্যাংক সূত্র ও আইনি নোটিশের তথ্যমতে, ২০২৪ সালের ২৮ আগস্ট ২৬৭ কোটি ২১ লাখ ৯০ হাজার টাকার একটি মেয়াদি ঋণ পুনঃতফসিল করা হয়েছিল। পরবর্তী সময়ে ঋণের আংশিক বকেয়া পরিশোধের প্রতিশ্রুতি দিয়ে ২০২৬ সালের ১৮ অক্টোবর ২২৬ কোটি ৭৫ লাখ ১০ হাজার টাকার একটি চেক ব্যাংকে জমা দেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান এম এ জলিল অনন্ত। কিন্তু গত ২ নভেম্বর সংশ্লিষ্ট ব্যাংক হিসাবে পর্যাপ্ত তহবিল না থাকায় চেকটি প্রত্যাখ্যাত হয়। এর জেরে অনন্ত জলিল ও প্রতিষ্ঠানের সাথে সংশ্লিষ্ট খাদিজা পারভীনের বিরুদ্ধে ১৮৮১ সালের হস্তান্তরযোগ্য দলিল আইনের (এনআই অ্যাক্ট) ১৩৮ ও ১৪০ ধারায় নোটিশ জারি করে ব্যাংক কর্তৃপক্ষ। ব্যাংকের আইনজীবী মো. জাহিদুল ইসলাম বাচ্চু নিশ্চিত করেছেন, নোটিশ পাওয়ার ৩০ দিনের মধ্যে পাওনা পরিশোধ না করলে এনআই অ্যাক্ট ও অর্থঋণ আদালতে মামলা দায়ের করা হবে।

এদিকে, বকেয়া ঋণ ও চলমান সংকটের কারণে ইতোমধ্যেই অনন্ত জলিলের একাধিক শিল্পপ্রতিষ্ঠানের উৎপাদন ও কার্যক্রম বন্ধ হয়ে গেছে। ফলে ১০ হাজারেরও বেশি পোশাক শ্রমিক কর্মহীন হয়ে পড়েছেন। জানা গেছে, ব্যবসা সচল রাখতে দেশি-বিদেশি (বিশেষ করে চীনা) বিনিয়োগকারী কিংবা ভাড়াটিয়া খুঁজেও কোনো সাড়া পাওয়া যায়নি। এরই মধ্যে গ্যাস বিল বকেয়া এবং গ্যাস চুরির অভিযোগে এজেআই গ্রুপের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

চলমান এই সংকট প্রসঙ্গে অনন্ত জলিল বলেন, করোনাকালে কাজ না থাকলেও ব্যাংক থেকে প্রায় ২০০ কোটি টাকা ঋণ নিয়ে তিনি শ্রমিকদের বসিয়ে বেতন দিয়েছেন। পরবর্তীতে ইউক্রেন যুদ্ধসহ বৈশ্বিক অর্থনৈতিক মন্দা এবং ঋণের উচ্চ সুদের কারণে পরিস্থিতি জটিল হয়ে ওঠে। চলচ্চিত্রে সময় দেওয়ার কারণেই ব্যবসায় এমন বিপর্যয় নেমে এসেছে কি না—এমন প্রশ্ন এড়িয়ে তিনি জানান, ব্যাংকের সহযোগিতা ছাড়া এই আর্থিক সংকট কাটিয়ে ঘুরে দাঁড়ানো অত্যন্ত কঠিন।

বিপুল অঙ্কের চেক ডিজঅনার, কারখানা বন্ধ ও শ্রমিক অসন্তোষের মধ্য দিয়ে চলচ্চিত্র ও পোশাকশিল্পের আলোচিত এই উদ্যোক্তার বাণিজ্যিক সাম্রাজ্যের ভবিষ্যৎ এখন চরম অনিশ্চয়তার মুখে পড়েছে।

এআইএল/সকালবেলা