বাউফলে বিদ্যালয়ের কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন
ইব্রাহিম ফরাজি (বিশেষ প্রতিনিধি): পটুয়াখালীর বাউফল উপজেলার নাজিরপুর তাঁতেরকাঠী মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন বিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় এলাকাবাসী। অ্যাডহক কমিটিতে বহিরাগত, বিতর্কিত ও সন্ত্রাসী প্রকৃতির ব্যক্তিকে সভাপতি নিয়োগ দেওয়ার প্রতিবাদে এ কর্মসূচি পালন করা হয়।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ১১টায় বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিদ্যালয়ের শিক্ষার্থী, সাবেক শিক্ষার্থী, অভিভাবক ও বিভিন্ন শ্রেণি-পেশার স্থানীয় বাসিন্দারা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
মানববন্ধনে অংশগ্রহণকারীদের হাতে বিভিন্ন প্রতিবাদী স্লোগানসংবলিত ফেস্টুন ও প্ল্যাকার্ড দেখা যায়। এ সময় তাঁরা ‘বিদ্যালয় বাঁচাও, শিক্ষার পরিবেশ রক্ষা করো’, ‘বহিরাগত ও বিতর্কিত সভাপতি মানি না, মানব না’ এবং ‘কমিটি বাতিল করো, সৎ ও যোগ্য সভাপতি চাই’সহ বিভিন্ন স্লোগান দেন।
মানববন্ধনে বক্তারা বলেন, নাজিরপুর তাঁতেরকাঠী মাধ্যমিক বিদ্যালয়টি স্থানীয় মানুষের দীর্ঘদিনের আবেগ ও শিক্ষার অন্যতম একটি প্রতিষ্ঠান। বিদ্যালয়ের সুষ্ঠু পরিচালনা, শিক্ষার মান উন্নয়ন এবং সুন্দর পরিবেশ বজায় রাখার স্বার্থে অ্যাডহক কমিটির সভাপতি পদে একজন সৎ, যোগ্য ও শিক্ষানুরাগী ব্যক্তিকে দায়িত্ব দেওয়া প্রয়োজন।
তাঁরা আরও বলেন, বিদ্যালয়ের সঙ্গে সংশ্লিষ্ট নন, এমন বহিরাগত ও বিতর্কিত ব্যক্তিকে সভাপতি হিসেবে নিয়োগ দেওয়ায় শিক্ষার্থী, অভিভাবক, সাবেক শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে তীব্র অসন্তোষ সৃষ্টি হয়েছে। এ ধরনের সিদ্ধান্ত বিদ্যালয়ের স্বাভাবিক পরিবেশ ও পরিচালনব্যবস্থার ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে তাঁরা আশঙ্কা প্রকাশ করেন।
বক্তারা অবিলম্বে বর্তমান অ্যাডহক কমিটি বাতিল করে নতুন করে গ্রহণযোগ্য ও যোগ্য ব্যক্তিকে সভাপতি হিসেবে নিয়োগ দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে বিদ্যালয়ের স্বার্থ ও শিক্ষার পরিবেশ রক্ষায় স্থানীয়দের মতামতকে গুরুত্ব দেওয়ার দাবি জানান তাঁরা।
মানববন্ধন থেকে বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত বিতর্কিত অ্যাডহক কমিটি বাতিল করে তাঁদের দাবি বাস্তবায়ন করা না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। বিদ্যালয়ের স্বাভাবিক শিক্ষার পরিবেশ ও সুনাম রক্ষায় তাঁরা আন্দোলন চালিয়ে যাবেন বলেও জানান।
এআইএল/সকালবেলা