কুবিতে ভুয়া সন্দেহে তিন পুলিশকে আটক করল শিক্ষার্থীরা

প্রকাশ: শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ণ
কুবিতে ভুয়া সন্দেহে তিন পুলিশকে আটক করল শিক্ষার্থীরা

বি এম ফয়সাল (কুমিল্লা বিশ্ববিদ্যালয়): কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) দুই শিক্ষার্থীকে তল্লাশির সময় পুলিশ পরিচয় দেওয়া তিন ব্যক্তিকে ছিনতাইকারী বা ভুয়া পুলিশ সন্দেহে আটক করে ক্যাম্পাসে নিয়ে এসেছেন শিক্ষার্থীরা। পরে বিশ্ববিদ্যালয় ও পুলিশ প্রশাসনের কর্মকর্তাদের উপস্থিতিতে আলোচনার মাধ্যমে বিষয়টি নিষ্পত্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় কুমিল্লা শহরের পুলিশ লাইন ও সরকারি মহিলা কলেজ এলাকা সংলগ্ন গলিতে এই ঘটনা ঘটে।

আটক ব্যক্তিরা হলেন কুমিল্লা কোতোয়ালি মডেল থানার এএসআই শ্যামল সাহা, কনস্টেবল হানিফ এবং পুলিশের সোর্স জাহিদ। অন্যদিকে তল্লাশির শিকার সিয়াম ও অর্প কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী শিক্ষার্থীরা জানান, টিউশন শেষ করে ক্যাম্পাসে ফেরার জন্য বাস ধরতে যাওয়ার সময় ওই তিনজন তাঁদের পথরোধ করে পকেটে হাত দিয়ে তল্লাশি চালান। এ সময় পরিচয়পত্র দেখতে চাইলে তা না দেখিয়ে ওয়াকিটকি ও হ্যান্ডকাফ দেখান এবং শিক্ষার্থীদের সঙ্গে অসদাচরণ করেন। এতে সন্দেহ হলে বিশ্ববিদ্যালয়ের বাসে তুলে তাঁদের ক্যাম্পাসের প্রক্টর কার্যালয়ে নিয়ে আসা হয়।

তবে এএসআই শ্যামল সাহার দাবি, পরিচয় জানার পর শিক্ষার্থীদের ছেড়ে দেওয়া হয়েছিল এবং ভুল বোঝাবুঝির পর পরিচয় নিশ্চিত করতে সংশ্লিষ্টদের ফোন করতে বলা হয়েছিল। কিন্তু শিক্ষার্থীরা তাঁদের জোর করে বাসে তুলে নিয়ে আসেন।

পরে প্রক্টর কার্যালয়ে শিক্ষক, শিক্ষার্থী, পুলিশ ও সাংবাদিকদের উপস্থিতিতে উভয় পক্ষের বক্তব্য শোনা হয়। কুবি প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ শাহাদাৎ হোসাইন এবং সদর দক্ষিণ মডেল থানার সহকারী পুলিশ সুপার মোস্তায়িন বিল্লাহ ফেরদৌস জানান, উভয় পক্ষেরই কিছু ভুল ও ঘাটতি ছিল। পুলিশ সদস্যদের পরিচয়পত্র সঙ্গে রাখা উচিত ছিল, অন্যদিকে শিক্ষার্থীদেরও নিজেদের আইনি প্রক্রিয়া হাতে না নিয়ে প্রশাসনকে জানানো উচিত ছিল। উভয় পক্ষকে সতর্ক করে ঘটনার শান্তিপূর্ণ সমাধান করা হয়েছে।

এআইএল/সকালবেলা