কটিয়াদীতে নিষিদ্ধ আ. লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ
মিজানুর রহমান (কটিয়াদী, কিশোরগঞ্জ): কিশোরগঞ্জের কটিয়াদীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ ও দলটির নেতাকর্মীদের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা এবং বিভিন্ন ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা বিএনপি।
মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন খান দিলীপের নেতৃত্বে এ কর্মসূচি পালন করা হয়।
বিক্ষোভ মিছিলটি কটিয়াদী বাসস্ট্যান্ডের পেট্রোল পাম্পের সামনে থেকে শুরু হয়ে পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ডের গোলচত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ফুলুর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন খান দিলীপ, সহসভাপতি মিজানুর রহমান স্বপন, শেখ জসিম উদ্দিন মেনু ও শফিকুর রহমান বাদল, সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান, জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল আলম রফিক এবং ধুলদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মুখলেছুর রহমান বাবলুসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করছেন। তাঁরা বলেন, আওয়ামী লীগ ও দলটির নেতাকর্মীদের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং বিশৃঙ্খলা তৈরির যেকোনো অপচেষ্টা কঠোরভাবে মোকাবিলা করা হবে।
উপজেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন খান দিলীপ বলেন, কটিয়াদীতে কোনো ধরনের নৈরাজ্য, অরাজকতা কিংবা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হলে বিএনপির নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে তা প্রতিহত করবেন। দেশের গণতন্ত্র, শান্তি ও স্থিতিশীলতা বিনষ্টের যেকোনো ষড়যন্ত্র রাজপথে মোকাবিলা করা হবে। এ জন্য দলের সর্বস্তরের নেতাকর্মীদের সজাগ, সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। একই সঙ্গে যেকোনো পরিস্থিতিতে সাংগঠনিকভাবে প্রস্তুত থাকার ওপর গুরুত্বারোপ করেন।
এদিকে বিক্ষোভ মিছিল চলাকালে নেতাকর্মীরা আওয়ামী লীগ ও দলটির শীর্ষ নেতাদের উদ্দেশে বিভিন্ন স্লোগান দেন। স্লোগানগুলোর মধ্যে ছিল—‘শেখ শেখ করিস না, শেখের বেডি আইতো না’, ‘আপা আপা করিস না, আপা আর আইতো না’, ‘আওয়ামী লীগের গুন্ডারা, হুঁশিয়ার সাবধান’ এবং ‘কিসের আবার ডিসেম্বর, ধরে ধরে জেলে ভর’।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
এআইএল/সকালবেলা