ছাত্রলীগের নাশকতার প্রতিবাদে ঢাবিতে ছাত্রদলের বিক্ষোভ

প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৭:০৬ অপরাহ্ণ
ছাত্রলীগের নাশকতার প্রতিবাদে ঢাবিতে ছাত্রদলের বিক্ষোভ

বিশেষ প্রতিবেদক: নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, দেশজুড়ে ককটেল হামলা ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।

মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে মিছিলটি শুরু হয়। ছাত্রদলের কেন্দ্রীয় সহসভাপতি খোরশেদ আলম সোহেলের নেতৃত্বে মিছিলটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শাহবাগে গিয়ে শেষ হয়। এতে সংগঠনের কেন্দ্রীয়, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন হল শাখার নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। এ সময় তাঁরা নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে নানা ধরনের স্লোগান দেন।

বিক্ষোভ শেষে খোরশেদ আলম সোহেল বলেন, ছাত্রলীগ ঢাবি ক্যাম্পাসসহ সারা দেশকে তাদের সন্ত্রাসী কর্মকাণ্ডের অভয়ারণ্যে পরিণত করেছে। আজও তারা ক্লাস চলাকালীন বিজনেস স্টাডিজ অনুষদে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে।

তিনি আরও বলেন, ছাত্রদলের নেতাকর্মীরা সাধারণ শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের আর কোনো নাশকতা মেনে নেবে না। অবিলম্বে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে এই সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে হবে।

এআইএল/সকালবেলা