নোবিপ্রবিতে মানসিক স্বাস্থ্য বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
আতিকুর রহমান, নোবিপ্রবি প্রতিনিধি: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) মানসিক স্বাস্থ্য ও সুস্থতা বিষয়ক বিশেষ সেশন ‘UNWIND with SHOJON’ অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ‘মেন্টাল হেলথ সোসাইটি’র উদ্যোগে এবং ‘স্বজন’ (সাজিদা ফাউন্ডেশন)-এর সহযোগিতায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সোমবার (১৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) সেমিনার কক্ষে আয়োজিত সেশনে মানসিক স্বাস্থ্য সচেতনতা, অভিজ্ঞতা বিনিময় ও বিভিন্ন শিক্ষণীয় কার্যক্রম অনুষ্ঠিত হয়।
সেশনে প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী বলেন, "শিক্ষার্থীদের একাডেমিক সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষা, পারিবারিক প্রত্যাশা ও ক্যারিয়ার সংক্রান্ত মানসিক চাপ চেপে না রেখে শিক্ষক, স্বজন বা পেশাদার পরামর্শদাতার সাহায্য নেওয়া প্রয়োজন।" তিনি আরও যোগ করেন যে, মানসিক ও শারীরিক সুস্থতা একে অপরের পরিপূরক, তাই ইতিবাচক জীবনযাপনের পাশাপাশি আশপাশের মানুষের আচরণগত পরিবর্তনের প্রতিও সবাইকে সচেতন থাকতে হবে।
সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হাসান উদ্দীন।
এছাড়া মেন্টাল হেলথ সোসাইটির উপদেষ্টা অধ্যাপক ড. আবদুল কাইয়ুম মাসুদ, ফার্মেসি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. শহীদ সরওয়ার, সমাজকর্ম বিভাগের চেয়ারম্যান শিফাত ই মান্নান এবং ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক রুবাইয়ান আসিফ উপস্থিত ছিলেন। সাজিদা ফাউন্ডেশনের প্রিন্স সাহা সোহাগ, জয় শ্রী দেবী এবং কাউন্সেলর লাবণী আক্তার সেশনে মূল বক্তা হিসেবে মানসিক চাপ মোকাবিলার বিভিন্ন উপায় তুলে ধরেন।
সেশন শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।
এআইএল/সকালবেলা