বিশ্বসেরা ২% বিজ্ঞানীর তালিকায় গোবিপ্রবির ২ শিক্ষক, ৩ শিক্ষার্থী
মোঃ ইসতিয়াক আহম্মদ আসিফ (গোবিপ্রবি প্রতিনিধি): বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানী ও গবেষকের সম্মানজনক তালিকায় স্থান পেয়েছেন গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) দুই শিক্ষক ও তিন শিক্ষার্থী।
যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় ও আন্তর্জাতিক প্রকাশনা সংস্থা এলসেভিয়ার প্রকাশিত ২০২৬ সালের একক বছরের গবেষণার ভিত্তিতে সম্প্রতি এ তালিকা প্রকাশ করা হয়।
গত বৃহস্পতিবার (৮ অক্টোবর) প্রকাশিত আন্তর্জাতিক তালিকায় বাংলাদেশের মোট ৩৪৭ জন গবেষক স্থান পেয়েছেন। তাঁদের মধ্যে গোবিপ্রবির ফার্মেসি বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক ড. তরিকুল ইসলাম এবং গণিত বিভাগের অধ্যাপক ড. দীপঙ্কর কুমার রয়েছেন। অপরদিকে ফার্মেসি বিভাগের তিন শিক্ষার্থী—মো. আরাফাত হোসেন, মো. শিমুল ভূঁইয়া ও রায়হান চৌধুরীও এ গৌরব অর্জন করেন।
তালিকায় মেডিসিনাল অ্যান্ড বায়োমলিকিউলার কেমিস্ট্রি উপক্ষেত্রে ফার্মেসি বিভাগের প্রধান ড. তরিকুল ইসলামের অবস্থান বাংলাদেশে ৩য় এবং বৈশ্বিক র্যাঙ্কিং ৫ হাজার ৪৯৭। গণিত বিভাগের অধ্যাপক ড. দীপঙ্কর কুমার পদার্থবিজ্ঞান ও ফলিত পদার্থবিজ্ঞান ক্যাটাগরিতে স্থান পেয়েছেন।
শিক্ষার্থীদের মধ্যে ফার্মেসি বিভাগের ২০১৮–১৯ শিক্ষাবর্ষের মো. আরাফাত হোসেন ও রায়হান চৌধুরী এবং ২০১৬–১৭ শিক্ষাবর্ষের মো. শিমুল ভূঁইয়া নিজ নিজ গবেষণা উপক্ষেত্রে অভাবনীয় সাফল্য দেখিয়েছেন।
টানা দ্বিতীয়বারের মতো এ তালিকায় স্থান পাওয়া শিমুল ভূঁইয়া তাঁর অনুভূতি প্রকাশ করে বলেন, "এই অর্জন সাত বছরের কঠোর পরিশ্রমের স্বীকৃতি। ড্রাগ ডিসকভারি বা আলঝেইমারসের মতো জটিল রোগের প্রাকৃতিক প্রতিষেধক আবিষ্কারে কাজ করে দেশের জন্য গৌরব বয়ে আনাই আমার মূল লক্ষ্য।"
এআইএল/সকালবেলা