কিশোরগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

প্রকাশ: শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৭:০৪ অপরাহ্ণ
কিশোরগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

নিজস্ব প্রতিবেদক (কিশোরগঞ্জ): ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগ প্রতিরোধ এবং জলাবদ্ধতা নিরসনে ব্যাপক জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে কিশোরগঞ্জে পরিচ্ছন্নতা অভিযান ও মশক নিধন কার্যক্রম পরিচালিত হয়েছে।

আজ শনিবার (১০ অক্টোবর) কিশোরগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে উপস্থিত থেকে স্বশরীরে মশক নিধন অভিযান পরিচালনা করেন জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল খান (ভিপি সোহেল)।

অভিযানকালে জেলা প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল খান বলেন, ডেঙ্গু ও মশাবাহিত রোগ থেকে বাঁচতে পরিষ্কার-পরিচ্ছন্নতার কোনো বিকল্প নেই। শুধু সরকারি বা প্রাতিষ্ঠানিক উদ্যোগ নয়, নিজ নিজ বাসাবাড়ি ও চারপাশ পরিচ্ছন্ন রাখতে সাধারণ মানুষকেও সচেতন ও সোচ্চার হতে হবে।

কর্মসূচিতে জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং প্রশাসনের বিভিন্ন স্তরের সরকারি কর্মকর্তাগণ অংশ নেন। অভিযানকালে এডিস মশার প্রজননস্থল ধ্বংস, ওষুধ ছিটানো এবং ড্রেন ও জমে থাকা পানি পরিষ্কারের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

এআইএল/সকালবেলা