প্রেমের টানে জামালপুরে এসে ফিনল্যান্ডের যুবকের বিয়ে

প্রকাশ: শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ণ
প্রেমের টানে জামালপুরে এসে ফিনল্যান্ডের যুবকের বিয়ে

মোঃ ইমরান মাহমুদ, বিশেষ প্রতিনিধি, জামালপুর: প্রেমের টানে সুদূর ফিনল্যান্ড থেকে বাংলাদেশে ছুটে এসেছেন সিমোলা মিকা (৩৮) নামের এক বিদেশি যুবক। শুধু তা-ই নয়, ইসলাম ধর্ম গ্রহণ করে জামালপুরের সরিষাবাড়ী উপজেলার এক নারীকে পারিবারিকভাবে বিয়ে করেছেন তিনি।

ঘটনাটি ঘটেছে সরিষাবাড়ী উপজেলার আওনা ইউনিয়নের দৌলতপুর গ্রামে। কনে শান্তিনা জাহান সিমি (২৮) ওই গ্রামের রফিকুল ইসলামের মেয়ে। তিন বছর আগে সড়ক দুর্ঘটনায় প্রথম স্বামী মারা যাওয়ার পর থেকে তিনি তাঁর ৫ বছরের সন্তানকে নিয়ে বাবার বাড়িতেই বসবাস করছিলেন।

পারিবারিক সূত্রে জানা যায়, ফিনল্যান্ডে বসবাসকারী শান্তিনার এক স্বজনের মাধ্যমে সিমোলা মিকার সঙ্গে তাঁর পরিচয় হয়। পরবর্তীতে মুঠোফোনে যোগাযোগের সূত্র ধরে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। উভয় পরিবারের সম্মতিতে মিকা বাংলাদেশে আসার সিদ্ধান্ত নেন।

বিয়ে উপলক্ষে গত ৯ সেপ্টেম্বর ফিনল্যান্ড সরকার থেকে অনুমতি সনদ সংগ্রহ করেন মিকা। এরপর গত ২ অক্টোবর তিনি বাংলাদেশে আসেন। ওই দিনই স্বেচ্ছায় খ্রিস্টধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং জামালপুর জজ কোর্টে নোটারি পাবলিকের মাধ্যমে নিজের নতুন নাম রাখেন ‘মিকাইল’। পরবর্তীতে শরিয়াহ ও আইন মেনে কাজীর মাধ্যমে তাঁদের বিয়ে সম্পন্ন হয়। মিকাইল শান্তিনার ৫ বছরের সন্তানকেও নিজ সন্তান হিসেবে আপন করে নিয়েছেন।

নবদম্পতি জানান, তাঁরা বর্তমানে অত্যন্ত আনন্দ ও সুখে দিন কাটাচ্ছেন। আগামী ১৮ অক্টোবর মিকাইল ফিনল্যান্ডে ফিরে যাবেন এবং সেখান থেকে শান্তিনা ও তাঁর সন্তানের ভিসার প্রক্রিয়া সম্পন্ন করে তাঁদের ফিনল্যান্ডে নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে। কনের বাবা রফিকুল ইসলাম মেয়ের এই নতুন জীবনে সন্তোষ প্রকাশ করেছেন।

এ বিষয়ে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইকবাল হোসেন জানান, কোনো বিদেশি নাগরিক এলাকায় এসে বিয়ে করার বিষয়ে থানায় এখনো আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য জানানো হয়নি।

এআইএল/সকালবেলা