মাদারীপুরের ঐতিহ্যবাহী শকুনি লেক বাঁচাতে মানববন্ধন অনুষ্ঠিত

প্রকাশ: শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৫:৪২ অপরাহ্ণ
মাদারীপুরের ঐতিহ্যবাহী শকুনি লেক বাঁচাতে মানববন্ধন অনুষ্ঠিত

নাজমুল হাসান (মাদারীপুর প্রতিনিধি): মাদারীপুর শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহ্যবাহী শকুনি লেক রক্ষা, অনিয়ন্ত্রিত পানিদূষণ রোধ এবং অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় ১০টি সামাজিক সংগঠনের নেতাকর্মী ও সচেতন নাগরিকেরা।

শনিবার (১০ অক্টোবর) সকালে শকুনি লেকের পাড়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে লেকের পরিবেশ ও প্রাকৃতিক সৌন্দর্য ফিরিয়ে আনতে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবিতে মাদারীপুর জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, ১৯৪২-৪৩ সালে তৎকালীন ব্রিটিশ আমলে খনন করা এই ঐতিহাসিক লেকটি মাদারীপুর শহরের মূল সৌন্দর্য ও ঐতিহ্যের প্রতীক। ২০১৭ সালে সাড়ে ২২ কোটি টাকা ব্যয়ে সৌন্দর্যবর্ধন করা হলেও সঠিক রক্ষণাবেক্ষণ ও অব্যবস্থাপনার কারণে আজ লেকটি হুমকির মুখে পড়েছে। লেকের পানি দিন দিন দূষিত হচ্ছে এবং পাড় দখল করে গড়ে উঠেছে অবৈধ স্থাপনা। অবহেলার কারণে সৌন্দর্য ও বিনোদনের এই প্রাণকেন্দ্র যেন অস্তিত্ব না হারায়, সে জন্য অবিলম্বে উচ্ছেদ অভিযান পরিচালনা ও দূষণ বন্ধের জোর দাবি জানান তাঁরা।

মানববন্ধনে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হাবিবুর রহমান, চিকিৎসক গোলাম সারোয়ার, সচেতন নাগরিক কমিটির সভাপতি খান মোহাম্মদ শহীদ, এনায়েত হোসেন নান্নু, অ্যাডভোকেট মশিউর রহমান পারভেজ ও বায়জিদ মিয়াসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।

জেলা প্রশাসকের কাছে দেওয়া স্মারকলিপিতে লেকের পরিবেশ রক্ষা, পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিতকরণ এবং সীমানা নির্ধারণ করে অবৈধ স্থাপনা উচ্ছেদের আশু পদক্ষেপ গ্রহণের বিনীত অনুরোধ জানানো হয়েছে।

এআইএল/সকালবেলা