‘পতনের দ্বারপ্রান্তে মোদি’, দিল্লিতে ইন্ডিয়া জোটের বিক্ষোভের ডাক
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের সংবিধান রক্ষা ও জনগণের ভোটাধিকার নিশ্চিত করার দাবিতে আগামী সোমবার (১২ অক্টোবর) দেশটির রাজধানী দিল্লিতে মহাসমাবেশ ও বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে বিরোধী রাজনৈতিক জোট ‘ইন্ডিয়া’।
শনিবার (১০ অক্টোবর) কেরালার আলপ্পুঝায় এক সংবাদ সম্মেলনে সর্বভারতীয় কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক কে সি বেণুগোপাল এ কর্মসূচির বিষয়ে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত জানান।
কে সি বেণুগোপাল বলেন, সংবিধান অক্ষুণ্ণ রাখা ও ভোটাধিকার সুরক্ষার লক্ষে সংগ্রামের অংশ হিসেবে রাজধানীতে এই প্রতিবাদ সমাবেশ আয়োজিত হচ্ছে। বিরোধী শিবিরের আশঙ্কার কথা ইতোমধ্যে ভারতের রাষ্ট্রপতির কাছে তুলে ধরা হয়েছে এবং আগামী সোমবার দেশটির প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাতের সিদ্ধান্ত চূড়ান্ত রয়েছে।
প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে সুরক্ষা দেওয়ার অভিযোগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর তীব্র সমালোচনা করেন বেণুগোপাল। তিনি বলেন, "নির্বাচন কমিশনারকে আড়াল করার নীতিই বর্তমান সরকারের পতনের মূল কারণ হতে যাচ্ছে। নরেন্দ্র মোদির রাজনৈতিক আচরণ স্পষ্ট করে দেয় যে তিনি পতনের দ্বারপ্রান্তে পৌঁছিয়েছেন এবং বিরোধী আন্দোলনের শক্তিতে তিনি তটস্থ।"
এদিকে ককরোচ জনতা পার্টির (সিজেপি) আহ্বানে আয়োজিত কর্মসূচিকে ঘিরে রাজধানী দিল্লি জুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। প্রধান প্রধান সড়কে ভারী ব্যারিকেড ও পুলিশ মোতায়েনের পাশাপাশি মেট্রো চলাচল ও ট্রেন সার্ভিসে কড়াকড়ি আরোপ করা হয়েছে, যা কেন্দ্র করে রাজ্য জুড়ে রাজনৈতিক অসন্তোষ তীব্র হচ্ছে।
এআইএল/সকালবেলা