গোবিপ্রবিতে নারী শিক্ষার্থীকে ইভটিজিংয়ের অভিযোগে আটক ৩

প্রকাশ: বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৪:০৪ অপরাহ্ণ
গোবিপ্রবিতে নারী শিক্ষার্থীকে ইভটিজিংয়ের অভিযোগে আটক ৩

মোঃ ইসতিয়াক আহম্মদ আসিফ (গোবিপ্রবি প্রতিনিধি): গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) পরিসংখ্যান বিভাগের ২০২৫–২৬ শিক্ষাবর্ষের এক নারী শিক্ষার্থীকে উত্যক্ত ও হয়রানির অভিযোগে চার বহিরাগতের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এদের মধ্যে তিনজনকে আটক করে পুলিশে দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

মঙ্গলবার (৬ অক্টোবর) রাতে নিরাপত্তাহীনতার কথা জানিয়ে প্রক্টরের কাছে লিখিত অভিযোগ দেন ভুক্তভোগী শিক্ষার্থী। অভিযোগে বলা হয়, অ্যাকাডেমিক প্রেজেন্টেশন শেষে সহপাঠীদের সঙ্গে বাসায় ফেরার পথে চারজন বহিরাগত এক ছাত্রকে ভয় দেখিয়ে ভুক্তভোগী ছাত্রীর ব্যক্তিগত তথ্য আদায়ের চেষ্টা করে। বিষয়টি টের পেয়ে শিক্ষার্থীরা সরে গেলে মোটরসাইকেল নিয়ে তাদের পিছু নেয় অভিযুক্তরা। আতঙ্কিত হয়ে শিক্ষার্থীরা অটোরিকশায় করে ক্যাম্পাসে ফিরে এলে বহিরাগতরাও ক্যাম্পাসের ভেতরে ঢুকে পড়ে।

ক্যাম্পাসে ঢোকার পর সাধারণ শিক্ষার্থীরা তিনজনকে হাতেনাতে আটক করে প্রক্টরিয়াল বডির হাতে তুলে দেয়। পরবর্তীতে বিশ্ববিদ্যালয় প্রশাসন আটক তিনজনকে পুলিশের হাতে সোপর্দ করে এবং গোপালগঞ্জ সদর থানায় চারজনকে আসামি করে মামলা দায়ের করে।

মামলায় অভিযুক্তরা হলেন— তাজিম চৌধুরী (১৯), সোহাগ (১৯), সম্পদ বিশ্বাস (২১) ও ইউসুফ বিশ্বাস (২১)। তাদের মধ্যে একজন ঘটনার পরপরই পালিয়ে যায়।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক ড. এস এম আহসান দুঃখ প্রকাশ করে বলেন, "নিরাপত্তাব্যবস্থার ঘাটতির বিষয়ে দায়িত্বরতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আমরা ইতোমধ্যে মামলা করেছি এবং পুলিশ সুষ্ঠু বিচারের আশ্বাস দিয়েছে। ভবিষ্যতে বহিরাগত অনুপ্রবেশ বন্ধে বিশ্ববিদ্যালয়ের গেটে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।"

এআইএল/সকালবেলা