খুলনায় বিএল কলেজ গেটে গুলিতে যুবক আহত

প্রকাশ: বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৪:১২ অপরাহ্ণ
খুলনায় বিএল কলেজ গেটে গুলিতে যুবক আহত

সরদার সাইদী হাসান বাবু (খুলনা ব্যুরো প্রধান): খুলনার দৌলতপুরে সরকারি বিএল কলেজের ২ নম্বর গেট এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মহিদুল (২০) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন।

বুধবার (৭ অক্টোবর) সকাল আনুমানিক ৭টার দিকে বিএল কলেজের দ্বিতীয় গেট সংলগ্ন ফাঁকা জায়গায় এ ঘটনা ঘটে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বিএল কলেজের ২ নম্বর গেট এলাকায় অবস্থান করছিলেন মহিদুল। এ সময় হঠাৎ কয়েকজন অজ্ঞাতনামা দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে গুলি চালিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। গুলির শব্দ ও মহিদুলের চিৎকারে স্থানীয় বাসিন্দারা এগিয়ে এসে তাকে উদ্ধার করে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে যান।

আহত মহিদুল গোপালগঞ্জের মোকসেদপুর থানার চৌগাছা এলাকার বাসিন্দা শওকত খাঁয়ের ছেলে। বর্তমানে তিনি খুলনার খালিশপুর থানার কাশীপুর এলাকায় পরিবারসহ বসবাস করতেন এবং পেশায় জ্বালানি তেলের গাড়িতে কাজ করতেন।

খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন ও আলামত সংগ্রহ করেছে। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, হামলার সুনির্দিষ্ট কারণ ও জড়িতদের পরিচয় উদঘাটনে পুলিশি তদন্ত অব্যাহত রয়েছে। ঘটনায় জড়িতদের সনাক্ত ও গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষায় এলাকায় পুলিশি টহল জোরদার করা হয়েছে।

এআইএল/সকালবেলা