কিশোরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে দুই নির্মাণশ্রমিকের মৃত্যু
নূর আহাম্মদ পলাশ, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জ শহরে নির্মাণাধীন ভবনের ছাদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই নির্মাণশ্রমিকের করুণ মৃত্যু হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে শহরের পুরাতন থানা এলাকায় ইসলামিয়া সুপার মার্কেটের সামনে আব্দুস সামাদ প্লাজার পাঁচতলায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—কিশোরগঞ্জ সদর উপজেলার চৌদ্দশত জিনারাই গ্রামের গোলাপ মিয়ার ছেলে আফাজুল (৩৪) এবং হোসেনপুর উপজেলার বাসিন্দা সাব্বির (২৫)।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, আব্দুস সামাদ প্লাজার পাঁচতলার ছাদে কাজ করার সময় নিচ থেকে রড ওপরে তোলা হচ্ছিল। এ সময় রডটি ভবনের পাশ দিয়ে যাওয়া হাইভোল্টেজ বিদ্যুতের তারে স্পৃষ্ট হলে দুই শ্রমিক গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম ভূঞা জানান, পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে। ময়নাতদন্তের প্রক্রিয়া শেষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
এআইএল/সকালবেলা