ঢাবির হিজাববিদ্বেষী তাসনিম সিরাজকে লাল কার্ড দেখালেন শিক্ষার্থীরা
বিশেষ প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক তাসনিম সিরাজ মাহবুবের বিরুদ্ধে নিকাব পরিহিত এক নারী শিক্ষার্থীকে কটূক্তি করা এবং শিক্ষার্থীদের উপহাস করার অভিযোগে প্রতিবাদ জানিয়েছেন শিক্ষার্থীরা।
সোমবার (১২ অক্টোবর) বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা লাল কার্ড প্রদর্শন ও মুখে কালো কাপড় বেঁধে এই প্রতীকী প্রতিবাদ কর্মসূচি পালন করেন। শিক্ষার্থীদের অভিযোগ, ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপ, ব্যক্তিগত মর্যাদায় আঘাত এবং পরবর্তীতে ঘটনার একপাক্ষিক ব্যাখ্যা দিয়ে তা ঢাকার চেষ্টার প্রতিবাদেই তাঁরা রাজপথে নেমেছেন।
শিক্ষার্থীরা জানান, শ্রেণিকক্ষে নিকাব পরাকে কেন্দ্র করে এক নারী শিক্ষার্থীকে ‘মৌলবাদী’ ও ‘সন্ত্রাসী’ আখ্যা দেওয়ার পাশাপাশি ছয়জন ছাত্রকে এক বেঞ্চে বসায় তাঁদের ‘গে’ ও ‘গরিব’ বলে অপমান করেন ওই শিক্ষক। এ ধরনের আচরণ শিক্ষার্থীদের ধর্মীয় বিশ্বাস ও আর্থসামাজিক অবস্থানকে চরমভাবে হেয় করার শামিল। প্রতিবাদের অংশ হিসেবে শিক্ষার্থীরা বৈষম্য, অপমান ও হয়রানির বিরুদ্ধে বিভিন্ন স্লোগানসংবলিত প্ল্যাকার্ড প্রদর্শন করেন।
ডাকসুর এক বিবৃতিতে শিক্ষার্থীদের লাল কার্ড প্রদর্শন ও কালো কাপড় বেঁধে কর্মসূচির বিষয়টি সমর্থন জানানো হয়। ইংরেজি বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ নায়েম অভিযোগ করেন, অভিযুক্ত শিক্ষক পরবর্তীতে ফেসবুক লাইভে এসে ঘটনার সঠিক ব্যাখ্যা না দিয়ে একপাক্ষিক বক্তব্য উপস্থাপন করেছেন। তিনি আরও বলেন, “শিক্ষক নেটওয়ার্কের একটি পক্ষ শিক্ষার্থীদের দোষী সাব্যস্ত করে ওই শিক্ষককে সমর্থন দিচ্ছে। আমাদের এই প্রতিবাদ তাঁদের এই অপসংস্কৃতির বিরুদ্ধেও।”
ইংরেজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. তাজিন আজিজ চৌধুরী জানান, অফিসে না থাকায় বিষয়টি নিশ্চিত করা যাচ্ছে না, তবে লিখিত অভিযোগ পেলে খতিয়ে দেখা হবে।
উল্লেখ্য, গত ৭ অক্টোবরের এই ঘটনার পর ৮ অক্টোবর বিশ্ববিদ্যালয় প্রশাসন অভিযুক্ত শিক্ষককে ক্লাস কার্যক্রম থেকে সাময়িকভাবে অব্যাহতি দেয়। পরবর্তীতে এর প্রতিবাদে সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক সামিনা লুৎফা প্রতীকী কর্মসূচি পালন করলে শিক্ষার্থীরা ফের লাল কার্ড প্রদর্শনের মাধ্যমে তাঁদের অবস্থান স্পষ্ট করেন। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এআইএল/সকালবেলা