রাজনীতি ছাড়লেন সাংবাদিক ফকির মিরাজ আলী

প্রকাশ: সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৩:০২ অপরাহ্ণ
রাজনীতি ছাড়লেন সাংবাদিক ফকির মিরাজ আলী

রাসেল শেখ (মুকসুদপুর, গোপালগঞ্জ): বর্তমানে কোনো রাজনৈতিক দলের সঙ্গে তাঁর কোনো সম্পৃক্ততা নেই এবং ভবিষ্যতেও দলীয় রাজনীতিতে যুক্ত হবেন না বলে আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন সাংবাদিক ফকির মিরাজ আলী শেখ।

সোমবার (১২ অক্টোবর) সকাল ১১টায় গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার জলিরপাড়ের বৈদ্যবাড়ি মোড়ে বাংলাদেশ সাংবাদিক ক্লাব (বিজেসি) দক্ষিণাঞ্চলীয় প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।

লিখিত বক্তব্যে তিনি জানান, তিনি বর্তমানে কোনো রাজনৈতিক দলের নেতা, কর্মী, সমর্থক বা পদ-পদবিধারী নন। ভবিষ্যতেও প্রত্যক্ষ দলীয় রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের কোনো ইচ্ছা তাঁর নেই। এটি তাঁর সম্পূর্ণ স্বেচ্ছাপ্রণোদিত ও নীতিগত সিদ্ধান্ত বলে জানান তিনি।

ফকির মিরাজ আলী বলেন, সাংবাদিকতার নিরপেক্ষতা ও পেশাগত মর্যাদা রক্ষা তাঁর প্রধান অঙ্গীকার। রাজনৈতিক প্রভাবমুক্ত থেকে সত্যনিষ্ঠ সাংবাদিকতা ও জনস্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েই তিনি পেশাগত দায়িত্ব পালন করতে চান।

নিজের বক্তব্যকে বিকৃতভাবে উপস্থাপন না করার অনুরোধ জানিয়ে তিনি বলেন, এ ধরনের অপপ্রচার চালানো হলে যথাযথ তথ্য-প্রমাণের ভিত্তিতে আইনি ও প্রতিবাদ জানানোর অধিকার তিনি সংরক্ষণ করেন।

উল্লেখ্য, ফকির মিরাজ আলী শেখ বাংলাদেশ সাংবাদিক ক্লাব (বিজেসি) দক্ষিণাঞ্চলীয় প্রধান কার্যালয় শাখার সভাপতি। পাশাপাশি তিনি এশিয়ান টেলিভিশনের স্টাফ রিপোর্টার, দৈনিক অপরাধ অনুসন্ধান পত্রিকার বিশেষ প্রতিনিধি এবং দৈনিক গণমুক্তি পত্রিকার গোপালগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন।

এআইএল/সকালবেলা