টঙ্গীতে শিক্ষার্থী নিহতের ঘটনায় মহাসড়ক অবরোধ
রেজাউল করিম মজুমদার, গাজীপুর: ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেছে শিক্ষার্থীরা।
রোববার (৯ আগস্ট) বেলা ১১টা থেকে গাজীপুরা বাসস্ট্যান্ড এলাকায় কয়েক হাজার শিক্ষার্থী অবস্থান নিয়ে মহাসড়ক অবরোধ করেন। অবরোধের ফলে সড়কের উভয় পাশে শত শত যানবাহন আটকে পড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়, এতে দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রীরা।
শিক্ষার্থীরা জানান, শনিবার সন্ধ্যায় রাস্তা পার হওয়ার সময় গাজীপুরা বাসস্ট্যান্ডে বেপরোয়া গতির একটি কাভার্ডভ্যানের চাপায় তামীরুল মিল্লাত কামিল মাদ্রাসার নবম শ্রেণির শিক্ষার্থী ইয়াসীন আরাফাত প্রাণ হারান। ঘটনার পরপরই চালক পালিয়ে গেলেও কাভার্ডভ্যানটি জব্দ করে পুলিশ।
সহপাঠী নিহতের প্রতিবাদে এবং নিরাপত্তার দাবিতে রোববার সকালে শিক্ষার্থীরা ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে মহাসড়কে নেমে আসেন। এ সময় তাঁরা মাদ্রাসার সামনে অবিলম্বে একটি ফুটওভার ব্রিজ নির্মাণের জোর দাবি জানান।
বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বলেন, "তামীরুল মিল্লাত কামিল মাদ্রাসার হাজার হাজার শিক্ষার্থীকে প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে এই ব্যস্ত মহাসড়ক পার হতে হয়। আমাদের একটি ফুটওভার ব্রিজ অত্যন্ত জরুরি। শনিবার রাতে আমাদের সহপাঠীর মর্মান্তিক মৃত্যু হয়েছে, আমরা আর কোনো তাজা প্রাণ এভাবে ঝরে যেতে দেব না।"
খবর পেয়ে স্থানীয় প্রশাসন ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছেন এবং শিক্ষার্থীদের দাবির বিষয়ে আলোচনার আশ্বাস দিচ্ছেন।
এআইএল/সকালবেলা
|