পালানোর সময় সন্ত্রাসী ‘বড় সাজ্জাদের’ ফুফাতো ভাই গ্রেপ্তার
মোহাম্মদ সোহেল রানা, চট্টগ্রাম ব্যুরো: জাল-জালিয়াতির মাধ্যমে নিজেকে মিয়ানমারের নাগরিক পরিচয় দিয়ে এবং ডেনমার্কের ট্রাভেল ডকুমেন্ট ব্যবহার করে ওমানে পালিয়ে যাওয়ার প্রাক্কালে শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ আলী খান ওরফে ‘বড় সাজ্জাদের’ ফুফাতো ভাই ও সহযোগী সন্ত্রাসী গোলাম সারোয়ার খানকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
শনিবার (৮ আগস্ট) সকাল ১১টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের বহির্গমন এলাকা থেকে এক বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিতে গোলাম সারোয়ার জাল নথিপত্র প্রস্তুত করেন। নিজেকে মিয়ানমারের নাগরিক দাবি করে তিনি ডেনমার্কের ট্রাভেল ডকুমেন্ট বাগিয়ে নেন। পরবর্তীতে এসব ভুয়া নথিপত্র ব্যবহার করে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে ওমানে সটকে পড়ার চেষ্টা করছিলেন। তবে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ডিবির টিম তাকে গ্রেপ্তার করে।
আইনশৃঙ্খলা বাহিনীর সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত গোলাম সারোয়ার খান চট্টগ্রামের আলোচিত ও তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী বিদেশে অবস্থানরত ‘বড় সাজ্জাদের’ ফুফাতো ভাই ও ঘনিষ্ঠ সহযোগী। দীর্ঘদিন ধরে তিনি বড় সাজ্জাদের প্রভাব বিস্তার করে ঢাকা ও চট্টগ্রাম অঞ্চলের বিভিন্ন এলাকায় চাঁদাবাজি, ভয়ভীতি প্রদর্শনসহ একাধিক অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছিলেন।
চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী, চান্দগাঁও ও পঞ্চলাইশসহ বিভিন্ন এলাকায় সাজ্জাদ বাহিনীর বিরুদ্ধে একাধিক হত্যাকাণ্ড, জমি দখল ও অস্ত্রের মুখে চাঁদাবাজির সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) সহকারী কমিশনার (জনসংযোগ) জানান, "গোলাম সারোয়ার খান শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের অন্যতম বিশ্বস্ত সহযোগী। চট্টগ্রাম মহানগরী ও আশপাশের এলাকায় সাম্প্রতিককালে সংঘটিত বিভিন্ন অপরাধ ও সহিংসতার পেছনে তার সম্পৃক্ততা নিবিড়ভাবে খতিয়ে দেখা হচ্ছে।"
গ্রেপ্তারকৃত আসামির অপরাধচক্রের মূল রহস্য ও অন্যান্য সহযোগীদের অবস্থান শনাক্তে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) তাকে আদালতে সোপর্দ করে ৭ দিনের রিমান্ডের আবেদন জানিয়েছে।
এআইএল/সকালবেলা
|