বাঁশখালীতে বন্যাকবলিতদের ঘরের চাবি দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অনলাইন ডেস্কঃ চট্টগ্রামের বাঁশখালীতে সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকার মানুষদের টেকসই পুনর্বাসনের লক্ষ্যে নির্মিত সরকারের বিশেষ প্রকল্পের ঘরগুলোর চাবি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ রবিবার (৯ আগস্ট, ২০২৬) দুপুর দেড়টার দিকে উপজেলার বাহারছড়া ইউনিয়নের পশ্চিম বাঁশখালীর বন্যাকবলিত দুর্গম এলাকায় উপস্থিত হয়ে সরাসরি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাঁদের হাতে নতুন ঘরের চাবি তুলে দিয়ে এই পুনর্বাসন কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষণা করেন।
প্রধানমন্ত্রীর উপ-প্রেসসচিব জাহিদুল ইসলাম রনি বিষয়টি নিশ্চিত করে জানান, পুনর্বাসন কার্যক্রম উদ্বোধনের পাশাপাশি প্রধানমন্ত্রী তারেক রহমান স্থানীয় বন্যাকবলিত দুর্গত মানুষের সঙ্গে সরাসরি কথা বলেছেন এবং তাঁদের সার্বিক পরিবার ও ক্ষয়ক্ষতির খোঁজ-খবর নিয়েছেন।
ঘর হস্তান্তর অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী আসাদুল হাবিব দুলু।
উপ-প্রেসসচিব জাহিদুল ইসলাম রনি আরও জানান, বন্যাকবলিত পরিবারের মাঝে পুনর্বাসনের ঘর হস্তান্তর কার্যক্রম সফলভাবে সম্পন্ন করার পর প্রধানমন্ত্রী বাঁশখালী উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে আয়োজিত পরবর্তী এক সুধী ও মতবিনিময় অনুষ্ঠানে যোগ দেন।
|