একের পর এক বিতর্ক, পদত্যাগের মুখে ফিফা সভাপতি ইনফান্তিনো

প্রকাশ: রবিবার, ০৯ আগস্ট ২০২৬, ০৫:৩০ অপরাহ্ণ
একের পর এক বিতর্ক, পদত্যাগের মুখে ফিফা সভাপতি ইনফান্তিনো
নানামুখী বিতর্কে কোণঠাসা ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো

ক্রীড়া ডেস্কঃ ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফায় (UEFA) দায়িত্ব পালনকালে এক নারী সহকর্মীর সঙ্গে অনৈতিক গোপন সম্পর্কে জড়িয়ে পড়ার পর তা ধামাচাপা দিতে সংস্থার তহবিল থেকে ছয় অঙ্কের বিপুল অঙ্কের অর্থ পাইয়ে দেওয়ার অভিযোগ উঠে এসেছে আন্তর্জাতিক ফুটবল প্রধান ও ফিফা (FIFA) সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বিরুদ্ধে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ডেইলি টেলিগ্রাফ-এর এক চাঞ্চল্যকর অনুসন্ধানী প্রতিবেদনে এই তথ্য ফাঁসের পর বিশ্ব ফুটবল অঙ্গনে তাঁর পদত্যাগের দাবি এখন চরম রূপ নিয়েছে।

যদিও ফিফা কর্তৃপক্ষ ও ইনফান্তিনো নিজ থেকে এই দাবিকে ভিত্তিহীন, সম্পূর্ণ মিথ্যা এবং মানহানিকর হিসেবে প্রত্যাখ্যান করেছে, তবুও ফুটবলপ্রেমী ও নিয়ন্ত্রক সংস্থাগুলোর তীব্র ক্ষোভ প্রশমিত হচ্ছে না। বিশ্ব ফুটবলের সর্বোচ্চ আসর বিশ্বকাপের আন্তর্জাতিক বাণিজ্যিক অংশীদারি বেসরকারি বিনিয়োগকারী প্রতিষ্ঠানের হাতে হস্তান্তর করার একটি বিতর্কিত পরিকল্পনা বাস্তবায়ন করতে গিয়ে ভেস্তে যাওয়ার পর থেকেই মারাত্মক মানসিক ও রাজনৈতিক চাপের মুখে ছিলেন ইনফান্তিনো। সেই বিতর্কের রেশ কাটতে না কাটতেই নতুন এই আর্থিক ও ব্যক্তিগত কেলেঙ্কারি তাঁর ওপর পদত্যাগের চাপ কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে।

এর আগেও ২০২৬ সালের বিশ্বকাপ ফুটবল শুরুর পূর্বমুহূর্তে ভিসা সংক্রান্ত জটিলতা তৈরি, ট্রাম্পের এক ফোনে আচমকা লাল কার্ড পাওয়া ও ম্যাচ থেকে নিষিদ্ধ হওয়া খোলোয়াড়ের নিষেধাজ্ঞা স্থগিত করা এবং নানাবিধ পক্ষপাতমূলক সিদ্ধান্ত নেওয়ার অভিযোগ ওঠে বিশ্ব ফুটবলের শীর্ষ এই কর্মকর্তার বিরুদ্ধে। মাঠ ও মাঠের বাইরের বিভিন্ন বিষয়ে লাগাতার বেফাঁস মন্তব্য এবং হঠকারী সিদ্ধান্তের কারণে আগেই ফুটবল অঙ্গনে ব্যাপক আলোড়ন ও অসন্তোষ সৃষ্টি হয়েছিল, যা এখন তাঁকে ফিফা সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়ার একদফা দাবিতে রূপ নিয়েছে।

মন্তব্য করুন