স্ত্রীসহ সাবেক এমপি আব্দুর রউফের বিরুদ্ধে দুদকের মামলা
কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনের সাবেক সংসদ সদস্য আবদুর রউফ ও তাঁর স্ত্রী জান্নাতুন নাহারের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার (২৮ অক্টোবর) দুপুরে দুদকের কুষ্টিয়া সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক বুলবুল আহমেদ বাদী হয়ে মামলা দুটি দায়ের করেন।
মামলা সূত্রে জানা যায়, কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনের সাবেক সংসদ সদস্য আবদুর রউফের বিরুদ্ধে জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ২ কোটি ৬৫ লাখ ১০ হাজার ৬০৫ টাকার সম্পদ অর্জন ও দখলে রাখার সত্যতা পেয়েছে দুদক।
অপরদিকে, সাবেক সংসদ সদস্য আবদুর রউফের স্ত্রী জান্নাতুন নাহারের বিরুদ্ধে স্বামীর ক্ষমতার অপব্যবহার করে আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ১ কোটি ৩৯ লাখ ৯৯ হাজার ২৯২ টাকার সম্পদ অর্জন ও দখলে রাখার অপরাধের সত্যতা পায় দুদক। এর পরিপ্রেক্ষিতেই সাবেক এমপি আবদুর রউফ ও তাঁর স্ত্রী জান্নাতুন নাহারের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ বিষয়ে দুদকের কুষ্টিয়া সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক বুলবুল আহমেদ বলেন, নির্বাচনী হলফনামায় দাখিলকৃত সম্পদ ও মাঠপর্যায়ে অনুসন্ধানে তাঁদের বিরুদ্ধে আয়বহির্ভূত সম্পদ অর্জনের সত্যতা মেলায় মামলা করা হয়েছে।
এআইএল/সকালবেলা