সোনারগাঁওয়ে সহস্রাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ
মো. মোক্তার হোসেন, সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়নগঞ্জের সোনারগাঁও উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় সড়ক ও জনপথের (সওজ) জায়গা দখল করে অবৈধভাবে গড়ে ওঠা প্রায় এক হাজার কাঁচা-পাকা স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মামুন সরকার।
অভিযান সূত্রে জানা যায়, স্থানীয় একটি প্রভাবশালী চক্র সওজের জমি দখল করে অবৈধ স্থাপনা ও ফলের দোকান বসিয়ে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছিল। এর ফলে মোগরাপাড়া চৌরাস্তার সার্ভিস লেন ও ফিডার রোডে প্রতিনিয়ত তীব্র যানজটের সৃষ্টি হতো। যানজট নিরসন ও সরকারি জমি উদ্ধারে অভিযান চালিয়ে ১ হাজারের মতো ছোট-বড় স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট মামুন সরকার জানান, মহাসড়ক ঝুঁকিমুক্ত ও যানজটমুক্ত রাখতে অবৈধ উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে। এ সময় সওজ কর্মকর্তা ও সোনারগাঁও থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
এআইএল/সকালবেলা