বাউফলে বাড়ির আঙিনায় গাঁজা চাষ, আটক ১

প্রকাশ: সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০২:৫০ অপরাহ্ণ
বাউফলে বাড়ির আঙিনায় গাঁজা চাষ, আটক ১

ইব্রাহিম ফরাজি (বিশেষ প্রতিনিধি): পটুয়াখালীর বাউফলে বসতঘরের পেছনের আঙিনা থেকে তিনটি গাঁজাগাছ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ইউসুফ খান (৩৬) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

রোববার (৪ অক্টোবর) রাত পৌনে ৯টার দিকে উপজেলার আদাবাড়ীয়া ইউনিয়নের গুলিঠামৌজ গ্রামের খান বাড়িতে অভিযান চালিয়ে গাছগুলো উদ্ধার করা হয়।

আটক ইউসুফ খান আদাবাড়ীয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের গুলিঠামৌজ গ্রামের আব্দুল মজিদ খানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাতে জাতীয়তাবাদী ছাত্রদলের স্থানীয় কয়েকজন নেতাকর্মী খান বাড়ির পেছনের আঙিনায় সযত্নে রোপণ করা গাঁজাগাছ দেখতে পান। বিষয়টি তাৎক্ষণিকভাবে বাউফল থানা-পুলিশকে অবহিত করা হয়। খবর পেয়ে পুলিশ পরিদর্শক দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আঙিনায় থাকা তিনটি তাজা গাঁজাগাছ জব্দ করে এবং এর সঙ্গে সরাসরি সম্পৃক্ততার অভিযোগে ইউসুফ খানকে আটক করে থানায় নিয়ে যায়।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম সিরাজ জানান, খবর পেয়ে পুলিশ তিনটি গাঁজাগাছ জব্দসহ একজনকে আটক করেছে। এ ঘটনায় আটক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং আইনি ব্যবস্থা শেষে তাঁকে আদালতে সোপর্দ করা হবে।

এআইএল/সকালবেলা