জমিজমা বিরোধে কুষ্টিয়ায় শিক্ষককে পিটিয়ে জখম

প্রকাশ: সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ণ
জমিজমা বিরোধে কুষ্টিয়ায় শিক্ষককে পিটিয়ে জখম

কাঞ্চন কুমার (কুষ্টিয়া প্রতিনিধি): চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় কুষ্টিয়ার মিরপুর উপজেলার নওদা আজমপুরে এক কলেজ শিক্ষককে হাতুড়ি ও লোহার রড দিয়ে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে।

সোমবার (৫ অক্টোবর) দুপুরে ক্লাস শেষে বাড়ি ফেরার পথে নওদা আজমপুর মোড়ে এ ঘটনা ঘটে।

আহত শিক্ষকের নাম মো. মোখলেসুর রহমান। তিনি আজমপুর টেকনিক্যাল কলেজের হিসাববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক। বর্তমানে তাঁকে উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে যুবদল কর্মী মিজানের সঙ্গে ওই শিক্ষকের বিরোধ ও মামলা চলছে। এ নিয়ে অভিযুক্ত মিজান ৫ লাখ টাকা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে সোমবার দুপুরে বাড়ি ফেরার পথে মিজান এবং তাঁর অনুসারী রনি, কামাল, ইন্টু, বিপ্লব, হাসান, সাগর, ময়ি খাঁন ও মিঠুসহ কয়েকজন তাঁর ওপর ওত পেতে থেকে হামলা চালায়।

হামলাকারীরা লোহার রড ও হাতুড়ি দিয়ে শিক্ষককে এলোপাতাড়ি পেটালে তিনি গুরুতর জখম হয়ে সড়কে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান। চিকিৎসাধীন শিক্ষক মোখলেসুর রহমান জানান, পরিকল্পিতভাবে তাঁকে হত্যার উদ্দেশ্যেই এই হামলা চালানো হয়েছে।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম শহীদ জানান, জমিজমা বিরোধ ও শিক্ষককে পেটানোর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আহত শিক্ষক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনায় লিখিত অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এআইএল/সকালবেলা