হাইকোর্টে রিট খারিজ, বিসিবি নির্বাচনে আর কোনো বাধা নেই

প্রকাশ: বুধবার, ০৩ জুন ২০২৬, ০২:৫১ অপরাহ্ণ
হাইকোর্টে রিট খারিজ, বিসিবি নির্বাচনে আর কোনো বাধা নেই

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন পরিচালনা পরিষদ নির্বাচন নিয়ে তৈরি হওয়া সব ধরনের আইনি জটিলতার অবসান ঘটেছে। নির্বাচন স্থগিত ও ঘোষিত তফসিল বাতিলের দাবিতে করা একটি রিট আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। এর ফলে নির্ধারিত সময়েই নির্বাচন আয়োজনের পথ পুরোপুরি উন্মুক্ত হলো।

আজ বুধবার (৩ জুন) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি মোহাম্মদ আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আবেদনটির ওপর শুনানি শেষে তা গ্রহণযোগ্য নয় বলে খারিজ করে দেন।

আদালতের এই সিদ্ধান্তের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আইনজীবী ব্যারিস্টার মাহিম এম রহমান জানান, ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৭ জুন নির্বাচন অনুষ্ঠিত হবে এবং এতে এখন আর কোনো আইনি বাধা নেই।

তিনি আরও উল্লেখ করেন, ক্রিকেট বোর্ডের নির্বাচন ও প্রশাসনিক কার্যক্রম নিয়ে ধারাবাহিকভাবে বিভিন্ন আবেদন করা হলেও আদালত ইতোমধ্যে এ ধরনের চারটি আবেদনই খারিজ করেছেন। তাঁর দাবি, এই ধরনের উদ্দেশ্যপ্রণোদিত উদ্যোগের কারণে আন্তর্জাতিক অঙ্গনে দেশের ক্রিকেট প্রশাসন নিয়ে বিভ্রান্তি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।

এদিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) দুই প্রতিনিধি বর্তমানে ঢাকায় অবস্থান করছেন বলেও জানান এই আইনজীবী। ইতিমধ্যে তাদের কাছে বোর্ডের সামগ্রিক প্রশাসনিক ও নির্বাচন-সংক্রান্ত পরিস্থিতি তুলে ধরা হয়েছে।

এর আগে গত ১৬ মে বিসিবি পরিচালনা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ৭ জুন ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে এবং একই দিন নির্বাচনের ফলাফলও প্রকাশ করা হবে।

এই নির্বাচনী প্রক্রিয়ায় সরাসরি ভোটের মাধ্যমে ২৩ জন পরিচালক নির্বাচিত হবেন। এছাড়া জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) মনোনয়নে আরও দুইজন পরিচালক যুক্ত হবেন। পরবর্তীতে এই ২৫ সদস্যের নবগঠিত পরিচালনা পরিষদের ভোটে বোর্ডের নতুন সভাপতি নির্বাচিত করা হবে।

মন্তব্য করুন