টাইমলাইনে আশির দশকের বাতাস: এআই প্রযুক্তিতে ভিন্টেজ লুকে ধরা দিলেন তারকারা
নিজস্ব প্রতিবেদক: সামাজিক যোগাযোগমাধ্যমে হঠাৎ করেই যেন আশির দশকের নস্টালজিয়ার হাওয়া বইতে শুরু করেছে। ফেসবুকের টাইমলাইন জুড়েই এখন চোখে পড়ছে আশির দশকের ক্লাসিক সিনেমা পোস্টার কিংবা ভিন্টেজ ফটোশুটের কায়দায় তৈরি নানা ছবি। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (AI) প্রযুক্তির ব্যবহারে ওভারসাইজড ব্লেজার, চওড়া কলারের শার্ট, পোলকা ডট পোশাক ও রেট্রো হেয়ারস্টাইলে নেটিজেনদের পাশাপাশি বিনোদন জগতের জনপ্রিয় তারকারাও নিজেদের চার দশক পেছনের ফ্রেমে বন্দি করছেন।
রেট্রো রূপান্তরের এই নতুন ট্রেন্ডে মেতেছেন শোবিজের একঝাঁক জনপ্রিয় মুখ। বিদ্যা সিনহা মিম, চিত্রনায়িকা পূর্ণিমা, তমা মির্জা, তাসনিয়া ফারিণ, সাফা কবির, মাসুমা রহমান নাবিলা, তানজিকা আমিন এবং ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব, জিয়াউল ফারুক অপূর্ব ও আরশ খানের মতো তারকারা নিজেদের এমন ভিন্টেজ লুক শেয়ার করে সাড়া ফেলেছেন।
নিজের রেট্রো লুকের ছবি শেয়ার করে অভিনেত্রী পূর্ণিমা সংক্ষেপে লিখেছেন, "নতুন ট্রেন্ড"। আবার চিত্রনায়িকা তমা মির্জা অনুরাগীদের উদ্দেশ্যে ছবিটি পোস্ট করে ক্যাপশনে জানান, তিনিও মূলত ট্রেন্ডটি অনুসরণ করছেন। অন্যদিকে অভিনেত্রী তানজিকা আমিন কিছুটা হাস্যরসের সুরেই ছবি প্রকাশ করে লিখেছেন, "গা ভাসাইলাম।"
পুরোনো দিনের ফ্যাশন প্রসঙ্গে মাসুমা রহমান নাবিলা লিখেছেন, "কালজয়ী গান আর পুরোনো দিনের স্টাইলের সেই সোনালী যুগে ফিরে যাওয়া!" চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম সহজ কথায় ক্যাপশনে লিখেছেন, "আশির দশকের লুক।"
ওটিটি প্ল্যাটফর্ম চরকির একটি বিশেষ প্রমোশনাল ভাবনার সূত্রে আশির দশকের লুক শেয়ার করে সাফা কবির লিখেছেন, "আশির দশকের এই উন্মাদনা এখন পুরো ইন্টারনেট জুড়ে ছড়িয়ে পড়েছে। আর চরকি এতে দারুণ এক চমৎকার ভাবনা নিয়ে হাজির হয়েছে! আশির দশকের এই লুকে ডা. ইরিনকে কেমন লাগছে?" একই ট্রেন্ডের ধারায় এআইয়ের এই রেট্রো ক্যানভাসে নিজেকে দেখে কিছুটা স্মৃতিকাতর হয়ে তাসনিয়া ফারিণ মন্তব্য করেছেন, "ভালোই হতো।"
অন্যদিকে ছোট পর্দার অভিনেতা তৌসিফ মাহবুব একটি ক্লাসিক ফ্রেমের ছবি প্রকাশ করে লিখেছেন, "আশির দশকের কোনো এক বিকেল থেকে।" আর সংগীতশিল্পী পড়াশি চার দশক পেছনে নিজেকে আবিষ্কার করে রোমাঞ্চিত হয়ে লিখেছেন, "১৯৮০ সালে যদি থাকতাম, তাহলে মনে হয় এমন থাকতাম।"