পলিথিন ও প্লাস্টিক বন্ধে আরও কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রকাশ: বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৬ অপরাহ্ণ
পলিথিন ও প্লাস্টিক বন্ধে আরও কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
সচিবালয়ে পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ বিষয়ক পর্যালোচনা সভায় সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান (ছবি: পিএমও)।

নিজস্ব প্রতিবেদক: পরিবেশের ভারসাম্য রক্ষা এবং দূষণের হাত থেকে দেশকে বাঁচাতে নিষিদ্ধ পলিথিন ও ক্ষতিকর প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার স্থায়ীভাবে বন্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও কঠোর ও কার্যকর পদক্ষেপ গ্রহণের সুস্পষ্ট নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে পরিবেশ সংরক্ষণের সঙ্গে সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাকে অর্পিত দায়িত্ব শতভাগ নিষ্ঠার সাথে পালনের কড়া অনুশাসন দিয়েছেন তিনি।

আজ বুধবার (৯ সেপ্টেম্বর ২০২৬) বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত ‘পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ বিষয়ক পর্যালোচনা সভা’য় তিনি এ নির্দেশনা দেন। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব গাজী শাহরিয়ার পামির সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

উচ্চপর্যায়ের এই পর্যালোচনা সভায় দেশের সার্বিক পরিবেশগত পরিস্থিতি নিয়ে গভীর আলোচনা হয়। বিশেষ করে ঐতিহ্যবাহী লাল ইটের বিকল্প হিসেবে পরিবেশবান্ধব কংক্রিট বা ব্লক ইটের ব্যবহার দ্রুত ও ব্যাপকভাবে বৃদ্ধি করা, বায়ু, পানি, মাটি ও শব্দদূষণ নিয়ন্ত্রণ, আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিতকরণসহ পরিবেশের টেকসই সুরক্ষায় সরকারের চলমান বিভিন্ন মেগা উদ্যোগের বাস্তবায়ন অগ্রগতি ও ভবিষ্যৎ সমন্বিত কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়।

সভায় প্রধানমন্ত্রী স্পষ্ট জানিয়ে দেন, পরিবেশের ক্ষতি করে কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না। বাজার ও সামগ্রিক বিপণন ব্যবস্থায় পলিথিনের সরবরাহ চেইন ভেঙে দিতে মাঠপর্যায়ে নিয়মিত ও সমন্বিত অভিযান জোরদার করতে হবে।

গুরুত্বপূর্ণ এ সভায় সরকারের উচ্চপর্যায়ের নীতিনির্ধারকদের মধ্যে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।

এ ছাড়া প্রশাসনিক শীর্ষ কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক) ড. সাইমুম পারভেজসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়, দপ্তর ও সংস্থার শীর্ষ আমলা ও পরিবেশ বিশেষজ্ঞরা।

মন্তব্য করুন