কারামুক্ত হয়েছেন অর্থনীতিবিদ আবুল বারকাত
নিজস্ব প্রতিবেদক: জুলাই আন্দোলনের সময় নীলক্ষেত এলাকায় ব্যবসায়ী হত্যা মামলায় জামিন পাওয়ার পর কারাগার থেকে মুক্তি পেয়েছেন অর্থনীতিবিদ ও জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান ড. আবুল বারকাত।
আজ রবিবার (২১ জুন) বিষয়টি নিশ্চিত করেন কারা অধিদপ্তরের সহকারী কারা মহাপরিদর্শক (উন্নয়ন ও মিডিয়া) জান্নাত উল ফরহাদ।
তিনি জানান, জামিন সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র কারাগারে পৌঁছানোর পর গত বৃহস্পতিবার (১৮ জুন) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান।
এর আগে গত মঙ্গলবার (১৬ জুন) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত শুনানি শেষে আবুল বারকাতের জামিন মঞ্জুর করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, পুলিশ প্রতিবেদন দাখিল পর্যন্ত ৫ হাজার টাকার মুচলেকায় তার জামিন দেওয়া হয়।
এর আগে জুলাই আন্দোলনের সময় রাজধানীর নীলক্ষেত এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।
মামলার অভিযোগে বলা হয়, ২০২৪ সালের ১৯ জুলাই নিউ মার্কেট এলাকার নীলক্ষেত এলাকায় আন্দোলন চলাকালে গুলিতে ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ নিহত হন। এ ঘটনায় নিউ মার্কেট থানায় হত্যা মামলা দায়ের করা হয়, যেখানে একাধিক ব্যক্তিকে আসামি করা হয়।
এর আগে জালিয়াতির মাধ্যমে ঋণ আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছিল।
|