চট্টগ্রামে ফায়ারিং অনুশীলনে দুই সেনাসদস্য নিহত

প্রকাশ: বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ণ
চট্টগ্রামে ফায়ারিং অনুশীলনে দুই সেনাসদস্য নিহত

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলন চলাকালে আকস্মিক দুর্ঘটনায় সেনাবাহিনীর দুই সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় এক সেনা কর্মকর্তাসহ দুজন আহত হয়েছেন, যার মধ্যে কর্মকর্তার অবস্থা আশঙ্কাজনক।

বুধবার (৯ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে হাটহাজারীর সেনা প্রশিক্ষণ এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন—সৈনিক গানার রিফাত ও সৈনিক অপারেটর সিদ্দিক। আহতদের উদ্ধার করে চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নিয়ে যাওয়া হয়। গুরুতর আহত ক্যাপ্টেন মির্জা মহিউদ্দিনকে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারে করে ঢাকা সিএমএইচে স্থানান্তরিত করা হচ্ছে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সামি-উদ-দৌলা চৌধুরী হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন। আইএসপিআরের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ফায়ারিং অনুশীলনের সময় একটি ট্যাংক থেকে গোলাবর্ষণের মুহূর্তে হঠাৎ দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার সঠিক কারণ অনুসন্ধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় তদন্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

এআইএল/সকালবেলা


মন্তব্য করুন