বারবার ডিভোর্সে আত্মহত্যার কথা ভেবেছিলেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়

প্রকাশ: বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ণ
বারবার ডিভোর্সে আত্মহত্যার কথা ভেবেছিলেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়
টালিউড অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়।

নিজস্ব প্রতিবেদকঃ টালিউডের অন্যতম জনপ্রিয় ও চর্চিত অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের ব্যক্তিগত জীবন নিয়ে বিতর্ক কিংবা চর্চার অন্ত নেই। বিশেষ করে তাঁর তিনটি বিয়ে ও একের পর এক বিচ্ছেদ নিয়ে বিভিন্ন সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁকে নানা কটাক্ষের মুখোমুখি হতে হয়েছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের জীবনের সেই অন্ধকার সময়ের কথা বলতে গিয়ে অভিনেত্রী জানান, সম্পর্কের বারবার পাওয়া কঠিন আঘাত তাঁকে মানসিকভাবে এতটা ভেঙে দিয়েছিল যে, একাধিকবার জীবন প্রদীপ নিভিয়ে দেওয়ার চিন্তাও তাঁর মাথায় এসেছিল।

একটি জনপ্রিয় পডকাস্ট অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত হয়ে শ্রাবন্তী নিজের মানসিক লড়াইয়ের কথা তুলে ধরেন। তিনি বলেন, "অনেক সময় মনে হয়েছে নিজেকে শেষ করে দিই। তবে পরক্ষণেই ভেবেছি, কেন নিজেকে শেষ করব? একটি মাত্র ভুল সিদ্ধান্তের বা ভুল পছন্দের কারণে?"

মাত্র ১৬ বছর বয়সে ২০০৩ সালে পরিচালক রাজীব বিশ্বাসের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন শ্রাবন্তী। দীর্ঘ এক যুগেরও বেশি সময় সংসার করার পর ২০১৬ সালে তাঁদের আনুষ্ঠানিক বিচ্ছেদ ঘটে। রাজীব-শ্রাবন্তী দম্পতির অভিমন্যু নামের একটি ছেলে সন্তান রয়েছে, যিনি বর্তমানে মায়ের সঙ্গেই বসবাস করেন।

প্রথম সংসার ভাঙার পর সেই বছরেই মডেল কৃষাণ ভিরাজের সঙ্গে নতুন সম্পর্কে জড়ান এবং বিবাহবন্ধনে আবদ্ধ হন অভিনেত্রী। কিন্তু সেই সংসার এক বছরও টিকেনি; ২০১৭ সালেই বিচ্ছেদের পথে হাঁটেন তাঁরা।

পরবর্তীতে ২০১৯ সালে গোপনে ফিটনেস ট্রেনার রোশন সিংকে বিয়ে করেন এই অভিনেত্রী। তবে বিয়ের কিছুদিন পেরোতে না পেরোতেই দুইজনের সম্পর্কে চরম অবনতি ঘটে। দীর্ঘ আইনি টানাপোড়েন ও লড়াই শেষে ২০২৫ সালের এপ্রিলে রোশন সিংয়ের সঙ্গে শ্রাবন্তীর চূড়ান্ত বিচ্ছেদ সম্পন্ন হয়।

প্রেম, বিয়ে ও ডিভোর্সের বাইরেও বিভিন্ন সময়ে একাধিক ব্যক্তিত্বের সঙ্গে শ্রাবন্তীর নাম জড়িয়ে গুঞ্জন ছড়ালেও তিনি এসবে আর পাত্তা দিতে চান না। ব্যক্তিজীবনের নানা ঝড়ের প্রসঙ্গে প্রশ্ন করা হলে অভিনেত্রী এখন একবাক্যে জানান, সমস্ত বিতর্ক পাশে সরিয়ে তাঁর মূল মনোযোগ এখন শুধুই অভিনয় ও ক্যারিয়ার ঘিরে।

মন্তব্য করুন