শ্রীমঙ্গলে সন্ত্রাসী রুয়েলসহ গ্রেফতার ২

শ্রীমঙ্গলে সন্ত্রাসী রুয়েলসহ গ্রেফতার ২

তিমির বণিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অপরাধ দমনে বড় ধরনের সাফল্য পেয়েছে থানা পুলিশ। পৃথক অভিযানে শাপলাবাগ এলাকার আতঙ্ক শীর্ষ সন্ত্রাসী রুয়েল মিয়া ওরফে মোস্তফা এবং আলোচিত শিশু জুনায়েদ হত্যা মামলার প্রধান পরিকল্পনাকারী আলামিনসহ মোট ৫ জনকে গ্রেফতার করা হয়েছে।

শ্রীমঙ্গল থানা পুলিশ র‍্যাব-৯ ও র‍্যাব-১০ এর সহায়তায় ঢাকা জেলার কেরানীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে শীর্ষ সন্ত্রাসী রুয়েল মিয়া (২৬) ও তার সহযোগী রাশেদ মিয়াকে (২৬) গ্রেফতার করে। রুয়েল শ্রীমঙ্গলের শাপলাবাগ, সোনারবাংলা রোড ও রেল স্টেশন এলাকায় একটি সন্ত্রাসী চক্র গড়ে তুলে সাধারণ মানুষের ওপর দীর্ঘদিন ধরে অত্যাচার চালিয়ে আসছিল। গত ১২ এপ্রিল সিএনজি শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি লুৎফর রহমানকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করার পর সে আত্মগোপনে চলে যায়। রুয়েলের বিরুদ্ধে শ্রীমঙ্গলসহ বিভিন্ন থানায় ১০টি এবং রাশেদের বিরুদ্ধে ৮টি মামলা রয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত মোট ১১ জনকে গ্রেফতার করা হলো।

অন্য এক অভিযানে শ্রীমঙ্গলের আলোচিত শিশু জুনায়েদ (১৫) হত্যার মূল পরিকল্পনাকারী আলামিনকে (২২) সুনামগঞ্জের দুর্গম এলাকা থেকে গ্রেফতার করেছেন এসআই সজীব চৌধুরী। গত ২৭ মার্চ আলামিনের নেতৃত্বে জুনায়েদকে পরিকল্পিতভাবে হত্যা করে মরদেহ জঙ্গলে লুকিয়ে রাখা হয়েছিল। এই মামলায় এর আগে গ্রেফতারকৃত ৪ জন আসামী ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছিল। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতেই প্রধান অভিযুক্ত আলামিনকে গ্রেফতার করা সম্ভব হয়েছে।

শ্রীমঙ্গল থানা পুলিশ জানিয়েছে, জননিরাপত্তা বিঘ্নিতকারী ও অপরাধীদের কোনো ছাড় দেওয়া হবে না। আলোচিত এই দুটি ঘটনার প্রধান আসামিদের গ্রেফতারের ফলে এলাকায় স্বস্তি ফিরেছে। আইনি প্রক্রিয়া শেষে গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন