‘জাতিসংঘের আদর্শের ওপর সরাসরি আঘাত করা হচ্ছে’

‘জাতিসংঘের আদর্শের ওপর সরাসরি আঘাত করা হচ্ছে’

আন্তর্জাতিক ডেস্ক: আন্তর্জাতিক নিয়ম-নীতি ও বিশ্বব্যবস্থা বর্তমানে তীব্র চাপের মুখে রয়েছে বলে সতর্ক করেছেন ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান কাজা কালাস। ‘শান্তির জন্য বহুমুখী কূটনীতির আন্তর্জাতিক দিবস’ উপলক্ষে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ইউরোপীয় এক্সটারনাল অ্যাকশন সার্ভিস থেকে দেওয়া এক বিবৃতিতে তিনি এই মন্তব্য করেন।

কাজা কালাস বলেন, "বিশ্ব আজ এক কঠিন চৌরাস্তায় এসে দাঁড়িয়েছে।" তিনি অভিযোগ করেন যে, আন্তর্জাতিক আইনগুলোকে হয় বিকৃত করা হচ্ছে, নয়তো উপেক্ষা ও প্রকাশ্যে লঙ্ঘন করা হচ্ছে। শান্তি ও নিরাপত্তা বজায় রাখার জন্য যেসব বৈশ্বিক প্রতিষ্ঠান তৈরি করা হয়েছিল, সেগুলো এখন অস্তিত্ব রক্ষার চ্যালেঞ্জের মুখে পড়েছে।

ইইউ প্রধান বলেন, "জাতিসংঘ সনদের মূল নীতিগুলোর আজ ধজ্বি উড়ানো হচ্ছে।" তিনি রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, মধ্যপ্রাচ্যের সংকট এবং সুদানের চলমান সংঘাতকে আন্তর্জাতিক নিয়ম-নীতিভিত্তিক ব্যবস্থার ওপর ক্রমবর্ধমান চাপের উদাহরণ হিসেবে তুলে ধরেন। তিনি আরও যোগ করেন, জাতিসংঘই একমাত্র বিশ্বজনীন কাঠামো যার বিশ্বস্বার্থের প্রতিনিধিত্ব করার বৈধতা রয়েছে, তবে বর্তমান প্রেক্ষাপটে কেবল সেটুকুই যথেষ্ট নয়।

কালাস মনে করেন, বহুপাক্ষিক বিশ্বব্যবস্থা পুরোপুরি ব্যর্থ হয়নি, বরং এটি পুরনো হয়ে গেছে। এর মূল সমস্যা হলো এই ব্যবস্থার নিয়মগুলো সঠিকভাবে পালন বা প্রয়োগ করা হচ্ছে না। তিনি বলেন, ইউরোপীয় ইউনিয়ন এই বহুপাক্ষিক ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে প্রতিশ্রুতিবদ্ধ। তবে একে আরও কার্যকর, অন্তর্ভুক্তিমূলক এবং জবাবদিহিমূলক হতে হবে।

শান্তি প্রক্রিয়া ও মধ্যস্থতার প্রচেষ্টায় স্থানীয় পক্ষ, নারী, সুশীল সমাজ এবং যুব সমাজকে অন্তর্ভুক্ত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন তিনি। কাজা কালাস আহ্বান জানান যেন আন্তর্জাতিক সম্প্রদায় পুনরায় বৈশ্বিক স্থিতিশীলতা রক্ষায় ঐক্যবদ্ধ হয়।

সূত্র: টিআরটি উর্দু। 

মন্তব্য করুন