পাঁচ ক্রিকেটারকে নাগরিকত্ব দিল আরব আমিরাত: নেপালের বিপক্ষে অভিষেক আজ

পাঁচ ক্রিকেটারকে নাগরিকত্ব দিল আরব আমিরাত: নেপালের বিপক্ষে অভিষেক আজ

খেলাধুলা ডেস্ক: ক্রিকেটের ইতিহাসে প্রথমবারের মতো একসঙ্গে পাঁচজন ক্রিকেটারকে সরাসরি নাগরিকত্ব প্রদান করেছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। সোমবার (২০ এপ্রিল) নেপালের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে এই নতুন পাসপোর্টধারী ক্রিকেটারদের নিয়েই মাঠে নামছে দেশটি।

সাধারণত আইসিসির নিয়ম অনুযায়ী কোনো দেশে তিন বছর বসবাস করলে সেই দেশের হয়ে খেলার সুযোগ পাওয়া যায়। তবে এই পাঁচ ক্রিকেটার—খুজাইমা তানভীর, অজয় কুমার, অক্ষদীপ নাথ, হারপ্রীত ভাটিয়া এবং আদীব উসমানি—বসবাসের শর্তে নয়, বরং সরাসরি 'ন্যাচারালাইজেশন' প্রক্রিয়ায় আমিরাতের নাগরিকত্ব ও পাসপোর্ট লাভ করেছেন। ইএসপিএন ক্রিকইনফোর প্রতিবেদন অনুযায়ী, দেশটিতে ক্রিকেটারদের এভাবে নাগরিকত্ব দেওয়ার ঘটনা এটিই প্রথম।

নাগরিকত্ব পাওয়া ক্রিকেটারদের মধ্যে খুজাইমা তানভীরের জন্ম পাকিস্তানে এবং বাকি চারজনই ভারতের। এদের মধ্যে ৩২ বছর বয়সী ব্যাটার অক্ষদীপ নাথ ভারতের অনূর্ধ্ব-১৯ দলসহ আইপিএলে বেঙ্গালুরু ও পাঞ্জাবের হয়ে খেলেছেন। হারপ্রীত ভাটিয়ারও আইপিএলে পুনে ওয়ারিয়র্স ও পাঞ্জাব কিংসে খেলার অভিজ্ঞতা রয়েছে। নাগরিকত্ব পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে অজয় কুমার জানান, আন্তর্জাতিক পর্যায়ে আরব আমিরাতের প্রতিনিধিত্ব করা তাঁর দীর্ঘদিনের স্বপ্ন ছিল। আজ থেকে সেই স্বপ্নপূরণের মিশন শুরু হচ্ছে।

জান্নাত/সকালবেলা

মন্তব্য করুন