স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের বিজ্ঞপ্তির প্রতিবাদ শিক্ষার্থীদের

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের বিজ্ঞপ্তির প্রতিবাদ শিক্ষার্থীদের

বিশেষ সংবাদদাতা: তৃতীয় মাইগ্রেশনের ফলাফল প্রকাশ না করেই বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তির সময়সীমা নির্ধারণ করে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের জারি করা বিজ্ঞপ্তির তীব্র প্রতিবাদ জানিয়েছে আবেদনকারী শিক্ষার্থীরা। এই সিদ্ধান্তকে অযৌক্তিক দাবি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে অধিদপ্তরের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন অভিভাবক ও শিক্ষার্থীরা।

বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজের শিক্ষার্থীরা গত ১৬ এপ্রিল তৃতীয় মাইগ্রেশনের মাধ্যমে পছন্দের কলেজে ভর্তির আবেদন করেন। নিয়ম অনুযায়ী, মাইগ্রেশনের ফলাফল প্রকাশের পর শিক্ষার্থীদের নতুন বরাদ্দকৃত কলেজে ভর্তি হওয়ার কথা। কিন্তু সেই ফলাফল প্রকাশের আগেই গত ১৯ এপ্রিল স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর এক বিজ্ঞপ্তি জারি করে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সরকার নির্ধারিত ভর্তি ফি এবং টিউশন ফি-র প্রথম কিস্তির অর্থ সম্পূর্ণ পরিশোধসহ ভর্তির যাবতীয় কার্যক্রম আগামী ২৩ এপ্রিলের মধ্যে সম্পন্ন করতে হবে। যে সকল শিক্ষার্থীর মাইগ্রেশনের মাধ্যমে কলেজ পরিবর্তন হবে, তাদের জমা দেওয়া অর্থ ও কাগজপত্র সংশ্লিষ্ট কলেজ কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে নতুন কলেজে স্থানান্তর করবে।

এই বিজ্ঞপ্তির ফলে শিক্ষার্থীরা চরম অনিশ্চয়তার মুখে পড়েছেন। তাঁদের প্রধান প্রশ্ন— পছন্দের কলেজে মাইগ্রেশন না হলে বা ভর্তি বাতিল করতে চাইলে প্রথম কিস্তির বড় অঙ্কের অর্থ কি ফেরত পাওয়া যাবে? মাইগ্রেশনের নিশ্চয়তা ছাড়াই বিপুল পরিমাণ অর্থ পরিশোধ করা সাধারণ শিক্ষার্থীদের জন্য বড় আর্থিক ঝুঁকি তৈরি করেছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক শিক্ষার্থী ও অভিভাবক স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের এই কার্যক্রমের সততা ও উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছেন। তড়িঘড়ি করে টাকা জমা দেওয়ার এই নির্দেশ শিক্ষার্থীবান্ধব নয় বলে দাবি করছেন সচেতন মহল। তাঁরা মাইগ্রেশনের ফলাফল দ্রুত প্রকাশ করে স্বচ্ছ প্রক্রিয়ায় ভর্তি কার্যক্রম সম্পন্ন করার দাবি জানিয়েছেন।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন