দক্ষিণ লেবাননে ১ ইসরায়েলি সেনা নিহত, আহত ৯

দক্ষিণ লেবাননে ১ ইসরায়েলি সেনা নিহত, আহত ৯

আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েল ও লেবাননের মধ্যে ১০ দিনের সাময়িক যুদ্ধবিরতি কার্যকর থাকা সত্ত্বেও দক্ষিণ লেবাননে এক ভয়াবহ সংঘর্ষে ১ ইসরায়েলি রিজার্ভ সেনা নিহত এবং অন্তত ৯ জন আহত হয়েছেন। 

রোববার (১৯ এপ্রিল) ইসরায়েলি বাহিনীর পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

ইসরায়েলি সেনাবাহিনীর বরাত দিয়ে জানানো হয়েছে, নিহত সেনার নাম মাস্টার সার্জেন্ট লিডোর পোরাত (৩১)। তিনি দক্ষিণ লেবাননে একটি 'অপারেশনাল ইনসিডেন্ট' চলাকালীন নিহত হন। একই ঘটনায় আরও ৯ জন সেনা আহত হয়েছেন, যাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানানো হয়েছে। এই নতুন নিহতের ঘটনার পর গত ২ মার্চ থেকে এ পর্যন্ত নিহত ইসরায়েলি সেনার সংখ্যা দাঁড়িয়েছে ১৫ জনে।

উল্লেখ্য যে, সীমান্ত উত্তেজনা হ্রাসের লক্ষ্যে স্থানীয় সময় গত বৃহস্পতিবার মধ্যরাত থেকে ইসরায়েল ও লেবাননের মধ্যে ১০ দিনের এক সাময়িক যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর আগে ঘোষণা করেছিলেন যে, উভয় পক্ষ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে, যা কয়েক সপ্তাহের তীব্র সংঘর্ষের পর শান্তির আশা জাগিয়েছিল।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুদ্ধবিরতি গ্রহণের কথা জানালেও স্পষ্ট করে দিয়েছেন যে, ইসরায়েলি বাহিনী দক্ষিণ লেবাননের অধিকৃত এলাকাগুলোতে তাদের উপস্থিতি বজায় রাখবে। যুদ্ধবিরতি সত্ত্বেও ইসরায়েলি সেনাবাহিনী সেখানে অভিযান অব্যাহত রেখেছে এবং তাদের দাবি, এই অভিযানের মূল লক্ষ্য হিজবুল্লাহর গোপন আস্তানা ও অবকাঠামো ধ্বংস করা।

সূত্র: টিআরটি উর্দু।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন