ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ায় মিথ্যা মামলা ও অপসাংবাদিকতার হাত থেকে রক্ষা পেতে মানববন্ধন ও র্যালি করেছে একটি ভুক্তভোগী পরিবার।
রোববার (১৯ এপ্রিল) বিকেল ৩টায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব চত্বরে এই কর্মসূচি পালন করা হয়।
ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে জানানো হয়, গত ৫ এপ্রিল জেলা সদর হাসপাতালে ভাগিনাকে টিকা দিতে নিয়ে যান নাটাই গ্রামের খায়ের আহমেদের ছেলে রাসেল আহমেদ। সেখানে দালাল চক্রের সদস্যরা ৩০০ টাকা দাবি করলে রাসেলের সাথে বাকবিতণ্ডা হয়। পরবর্তীতে ৫ এপ্রিল খয়াসার এলাকায় রাসেলকে একা পেয়ে অতর্কিত হামলা চালানো হয়।
রাসেল আহমেদের অভিযোগ, ঘটনার পর এনামুল হক আরিফ নামের এক ব্যক্তি নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে ফোন করেন এবং চেইন চুরি ও ছিনতাইয়ের মামলা থেকে বাঁচার জন্য ৭০ হাজার টাকা চাঁদা দাবি করেন। টাকা দিতে অস্বীকার করায় রাসেল ও তাঁর পরিবারের বিরুদ্ধে সদর থানায় মিথ্যা অভিযোগ দেওয়া হয়। পাশাপাশি বিভিন্ন অনিবন্ধিত অনলাইন পোর্টালে রাসেল ও তাঁর পরিবারের বিরুদ্ধে মানহানিকর সংবাদ প্রচার করা হয়েছে বলে মানববন্ধনে জানানো হয়।
মানববন্ধনে স্থানীয় ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন। আসাদুর রহমান নামে এক বক্তা বলেন, "৫ আগস্টের পর শহরে কিছু ভুঁইফোঁড় সাংবাদিকের আবির্ভাব হয়েছে, যারা বিভিন্ন অফিস-আদালতে ভয়ভীতি দেখিয়ে অর্থ আদায় করছে।" বক্তারা অভিযোগ করেন, সাংবাদিকতার পরিচয় দিয়ে সাধারণ মানুষকে জিম্মি করা এসব চাঁদাবাজদের দৌরাত্ম্য বন্ধ না হলে সাধারণ মানুষের জানমাল ও সম্মান ঝুঁকির মুখে পড়বে।
মানববন্ধনে উপস্থিত বক্তারা জেলা প্রশাসক ও পুলিশ সুপারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, এসব অভিযোগ গুরুত্বের সাথে তদন্ত করে এনামুল হক আরিফসহ তাঁর সহযোগীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নিতে হবে। মানববন্ধন শেষে একটি প্রতিবাদ র্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এ.আই.এল/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ