ট্রাক্টরের ধাক্কায় উলিপুরে নিহত ১, আহত ৪

ট্রাক্টরের ধাক্কায় উলিপুরে নিহত ১, আহত ৪

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের উলিপুরে একটি ঘাতক ট্রাক্টরের ধাক্কায় নুর আমিন (৪০) নামে এক অটোরিকশা চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় অটোরিকশার আরও অন্তত চারজন যাত্রী আহত হয়েছেন। 

শনিবার (১১ এপ্রিল) দুপুর ১২টার দিকে উলিপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন চিলমারী-কুড়িগ্রাম সড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহত নুর আমিন স্থানীয়ভাবে অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। দুর্ঘটনায় আহতরা হলেন— অটোর যাত্রী রুহুল আমিন, শিউলি বেগম, তকি আহম্মেদ ও নারু বর্মণ।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, দুপুরে একটি যাত্রীবাহী ব্যাটারিচালিত অটোরিকশা উলিপুর বাজারের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি বেপরোয়া গতির ট্রাক্টর অটোরিকশাটিকে সামনে থেকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালক নুর আমিনের মৃত্যু হয়। দুর্ঘটনায় অটোরিকশার চার যাত্রী গুরুতর আহত হলে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

আহতদের মধ্যে শিউলি বেগমের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য আহতরা উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ ইবনে সিদ্দিক জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং নিহতের মরদেহ উদ্ধার করে। ঘাতক ট্রাক্টরটিকে শনাক্তের চেষ্টা চলছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন