ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ মোড় ঘুরিয়ে দিয়েছে নতুন আইনগত পদক্ষেপ। সন্ত্রাসবিরোধী (সংশোধন) বিল ২০২৬ জাতীয় সংসদে পাস হয়েছে, যার ফলে ক্ষমতাচ্যুত দল আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকার সিদ্ধান্তটি আইনি ভিত্তি পেল। বুধবার (৮ এপ্রিল) দুপুর সোয়া ১২টার দিকে জাতীয় সংসদে বিলটি কণ্ঠভোটে পাস হয়। এর মধ্য দিয়ে পূর্বে জারি করা প্রশাসনিক নিষেধাজ্ঞা এখন শক্তিশালী আইনি রূপ লাভ করল।
এই বিল নিয়ে সংসদ ভবনের টানেলে অধিবেশনের বিরতিতে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম। সন্ত্রাসবিরোধী আইনের বাস্তবায়ন ও আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকা প্রসঙ্গে জানতে চাইলে চিফ হুইপ বলেন, আমাদের রাজনৈতিক দর্শন প্রতিশোধপরায়ণ রাজনীতি পরিহারের দর্শন। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন— ‘আমরা ভালোবেসে মানুষের হৃদয় জয় করব’। তারেক রহমান মনে করেন তিনি বাংলাদেশের সব মানুষের প্রধানমন্ত্রী। যারা তাকে ভোট দিয়েছে এবং যারা দেয় নাই, তিনি সবারই প্রধানমন্ত্রী। আইনের শাসনের ভিত্তিতে নিরপেক্ষ বিচার নিশ্চিত করা হবে এবং কেউ অপরাধী প্রমাণিত হলে বিদ্যমান আইন অনুযায়ী বিচার হবে; দল বিবেচনায় নিরপরাধ কাউকে হয়রানি করা হবে না।
চিফ হুইপ আরও উল্লেখ করেন, নতুন এই সংসদে অনেক সদস্যই দীর্ঘ সময় ধরে আন্দোলন-সংগ্রাম, কারাবরণ ও নির্যাতনের অভিজ্ঞতা নিয়ে এসেছেন। তারা এখন গণতান্ত্রিক প্রক্রিয়ায় সক্রিয়ভাবে অংশগ্রহণের মাধ্যমে দেশ গঠনে ভূমিকা রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।
আই.এ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ