সুপেয় পানির দাবিতে পৌরসভা ঘেরাও

সুপেয় পানির দাবিতে পৌরসভা ঘেরাও

শুভ সমদ্দার, পিরোজপুর: পিরোজপুরে দীর্ঘদিনের তীব্র সুপেয় পানি সংকটের স্থায়ী সমাধানের দাবিতে পৌরসভা ঘেরাও এবং অবস্থান কর্মসূচি পালন করেছে বিক্ষুব্ধ পৌরবাসী। 

বুধবার (৮ এপ্রিল) সকালে পিরোজপুর পৌরসভার সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে শহরের বিভিন্ন ওয়ার্ড থেকে আসা শত শত ভুক্তভোগী নারী-পুরুষ অংশগ্রহণ করেন।

অবস্থান কর্মসূচিতে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, পিরোজপুর পৌর এলাকায় দীর্ঘদিন ধরে সুপেয় পানির চরম সংকট বিরাজ করছে। অনেক এলাকায় দিনের পর দিন কল দিয়ে পানি আসে না। ফলে সাধারণ মানুষকে দৈনন্দিন কাজের জন্য চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিশেষ করে বর্তমান গ্রীষ্ম মৌসুমে এই সংকট আরও ভয়াবহ আকার ধারণ করেছে। দুর্গন্ধযুক্ত ও অপর্যাপ্ত পানি সরবরাহের কারণে জনস্বাস্থ্যের ওপরও এর নেতিবাচক প্রভাব পড়ছে।

আন্দোলনকারীরা অভিযোগ করেন, পানির এই সমস্যার বিষয়ে বারবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও পৌর মেয়রকে জানানো হলেও এখন পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। বারবার আশ্বাস দেওয়া হলেও বাস্তবে এর প্রতিফলন ঘটেনি। ফলে বাধ্য হয়েই তারা জীবন রক্ষাকারী সুপেয় পানির দাবিতে রাস্তায় নেমে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করছেন।

বক্তারা দ্রুত সময়ের মধ্যে পানির পাম্প মেরামত, জরাজীর্ণ লাইনের সংস্কার এবং প্রতিটি ওয়ার্ডে নিরবচ্ছিন্ন সুপেয় পানি সরবরাহ নিশ্চিত করার জন্য জোর দাবি জানান। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি অতি দ্রুত দৃশ্যমান কোনো পদক্ষেপ নেওয়া না হয়, তবে আগামীতে আরও কঠোর আন্দোলন কর্মসূচি পালন করা হবে।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন