ফেনীতে ভোজ্যতেল প্রতিষ্ঠানকে জরিমানা

ফেনীতে ভোজ্যতেল প্রতিষ্ঠানকে জরিমানা

জহিরুল হক মিলন, ফেনী: ফেনীতে কৃত্রিম সংকট তৈরির উদ্দেশ্যে অবৈধভাবে ভোজ্যতেল মজুত করার অপরাধে একটি প্রতিষ্ঠানকে দুই লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। 

বুধবার (৮ এপ্রিল) বিকেলে শহরের ইসলামপুর এলাকার ‘কবির এন্ড সন্স’ নামক প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে এই জরিমানা আদায় করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট।

র‍্যাব ও জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ফেনীর তাকিয়া রোড সংলগ্ন ইসলামপুর এলাকায় এক ব্যবসায়ী অধিক মুনাফার আশায় অবৈধভাবে সয়াবিন তেল মজুত করছেন—এমন গোপন সংবাদের ভিত্তিতে যৌথ অভিযান চালানো হয়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট চয়ন বড়ুয়ার নেতৃত্বে র‍্যাব-৭, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও নিরাপদ খাদ্য অধিদপ্তর এই অভিযানে অংশ নেয়। অভিযানে কবির এন্ড সন্সের গুদামে মজুতকৃত প্রায় ৫০ হাজার লিটার ভোজ্যতেল পাওয়া যায়।

অসৎ উদ্দেশ্যে ও বাজারে কৃত্রিম সংকট তৈরির দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আওতায় প্রতিষ্ঠানটিকে নগদ দুই লক্ষ টাকা জরিমানা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ফেনীর সহকারী পরিচালক আছাদুল ইসলাম বলেন, "কবির এন্ড সন্স নিয়ম বহির্ভূতভাবে বিপুল পরিমাণ তেল মজুত করে রেখেছিল। বাজার স্থিতিশীল রাখতে আমাদের এ ধরনের তদারকি অব্যাহত থাকবে।"

র‍্যাব-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) মোজাফ্ফর হোসেন জানান, জরিমানাকৃত টাকা বিধি মোতাবেক সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে। জনস্বার্থে সব ধরনের অবৈধ মজুত ও কালোবাজারির বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলমান থাকবে।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন