ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
মো. হাসান ইসলাম, ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: পাবনার ঈশ্বরদীতে চতুর্থ শ্রেণির এক স্কুলছাত্রীকে অপহরণ চেষ্টার অভিযোগে আলামিন (৩৪) নামে এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।
বুধবার (৮ এপ্রিল) দুপুরে উপজেলার মুলাডুলি ইউনিয়নের ঢুলটি বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
আটক আলামিন নাটোরের লালপুর উপজেলার সাদিপুর এলাকার আব্দুল মজিদের ছেলে। জানা গেছে, তিনি ঈশ্বরদীর স্থানীয় এক প্রভাবশালী রাজনৈতিক নেতার ঘনিষ্ঠ আত্মীয়।
ভুক্তভোগী শিশু সিনথিয়া জানায়, দুপুরে বিদ্যালয়ে যাওয়ার সময় অভিযুক্ত আলামিন তার পথরোধ করে এবং বিভিন্ন প্রলোভন দেখিয়ে তাকে নির্জন মাঠের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় শিশুটি বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে কৌশলে সেখান থেকে দৌড়ে বিদ্যালয়ে পৌঁছে তার শিক্ষিকাকে বিষয়টি জানায়।
সিনথিয়ার মুখে ঘটনার বর্ণনা শুনে তার শিক্ষিকা ও চাচাতো ভাই দ্রুত অভিযুক্তকে ধাওয়া করেন। এলাকাবাসীর সহায়তায় বাঘহাছলা ও অরণকোলা হয়ে ঢুলটি এলাকায় পৌঁছালে আলামিনকে পাকড়াও করা হয়। এ সময় বিক্ষুব্ধ জনতা তাকে গণধোলাই দেওয়ার চেষ্টা করলে ঢুলটি তেল পাম্পে দায়িত্বরত পুলিশ সদস্যরা খবর পেয়ে দ্রুত তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশাদুর রহমান জানান, "আলামিন নামের এক যুবককে আটকের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। এটি অপহরণের চেষ্টা নাকি অন্য কোনো উদ্দেশ্যে করা হয়েছে, তা নিবিড়ভাবে খতিয়ে দেখা হচ্ছে। শিশুটির অভিভাবকদের থানায় ডাকা হয়েছে এবং অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।"
| আজকের তারিখঃ বঙ্গাব্দ